রানা প্লাজায় আহত ১২ জনের কৃত্রিম অঙ্গ সংযোজন
সাভারের রানা প্লাজায় ভবনধসের ঘটনায় আহত ১২ জনের কৃত্রিম অঙ্গ সংযোজন করা হয়েছে। যুক্তরাজ্য থেকে আনা কৃত্রিম অঙ্গগুলোর সংযোজনের ফলে প্রাথমিক কাজ করতে পারবেন আহত পোশাকশ্রমিকেরা।
আজ শনিবার সকালে মোহাম্মদপুরে ব্র্যাকের ব্রাঞ্চ ও লিম্ব সেন্টারে (বিএলবিসি) ১২ জনের কৃত্রিম হাত ও পা সংযোজন করা হয়। পরে তাঁদের প্রত্যেককে এক লাখ টাকা করে অনুদান দেওয়া হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহায়তায় এ অঙ্গ সংযোজন ও অনুদান দেওয়া হয়।
আহত সাদ্দাম হোসেন জানালেন, অঙ্গ সংযোজনের পর তিনি তাঁর ডান হাতের তিনটি আঙুল নাড়াতে পারেন এবং সেগুলোর সাহায্যে কলা ছিঁড়ে খেতে পারেন।
ওই দুর্ঘটনায় আন্না খাতুনের (১৬) ডান হাত ভেঙে যায়। সে জানায়, পরিবারে আয় করার লোক না থাকায় ঢাকায় পোশাক কারখানায় কাজে এসেছিল সে। কৃত্রিম হাত লাগানোর পর সে বাড়িতে ফিরে দর্জির কাজ করার ইচ্ছা পোষণ করে।
ব্র্যাকের স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টি বিভাগের কর্মসূচি প্রধান তাপস রায় প্রথম আলো ডটকমকে জানান, কৃত্রিম অঙ্গ সংযোজনের কারণে পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। তাঁরা প্রাথমিক কাজ করতে পারবেন।