রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের দ্রুত ক্ষতিপূরণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রফিকুল ইসলাম মিয়া, ফাইল ছবি
রফিকুল ইসলাম মিয়া, ফাইল ছবি

সাভারের রানা প্লাজায় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া। তিনি বলেছেন, কারও বিরুদ্ধে বলার জন্য নয়, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা যথাযথভাবে বণ্টন হলে সেখানে টাকা জমা থাকার কথা ছিল না।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে রফিকুল ইসলাম মিয়া এ মন্তব্য করেন। রানা প্লাজা দুর্ঘটনায় দায়ী ব্যক্তিদের শাস্তি ও নিহত-আহত ব্যক্তিদের ক্ষতিপূরণের দাবিতে জাতীয়তাবাদী কর্মজীবী দল এ কর্মসূচির আয়োজন করে।

রানা প্লাজা ভবন ধসের ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়ে রফিকুল ইসলাম মিয়া বলেন, এখন পর্যন্ত কমিটির প্রতিবেদন দেওয়া হয়নি কেন? প্রতিবেদন দিতে এত দিন লাগার কথা নয়। রানা প্লাজার মালিক রানাসহ দোষী সবার বিচার দাবি করেন তিনি।

নিহত ও আহত ব্যক্তিদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, সরকার, বিজিএমইএ ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠানগুলোকে এর দায় নিতে হবে। শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না করে যাতে কোনো পোশাক কারখানা ছাড়পত্র না পায়, তা নিশ্চিত করার দাবি জানান তিনি।