রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান
সাভারের রানা প্লাজা ধসে নিহত ও আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ প্রদানে পোশাক ক্রেতা ২৯টি প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের এক মানববন্ধনে সংগঠনটি এই আহ্বান জানায়।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সাফিয়া পারভীন, নুরুন নাহার, ফারুক খান, আরিফা আক্তার প্রমুখ।
সভাপতির বক্তব্যে আমিরুল হক বলেন, রানা প্লাজার পাঁচটি কারখানা থেকে বিদেশি ২৯টি প্রতিষ্ঠান পোশাক ক্রয় করত। কিন্তু প্রতিষ্ঠানগুলো এখনো ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় এগিয়ে আসেনি। তাই শিগগিরই ক্রেতা প্রতিষ্ঠানগুলোকে তাদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একই সঙ্গে নিহত ব্যক্তিদের জন্য ২৮ লাখ টাকা এবং আহত ব্যক্তিদের পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক সাফিয়া পারভীন বলেন, রানা প্লাজায় আহত শ্রমিকেরা মানবেতর জীবনযাপন করছেন। এখনো অনেকের চিকিত্সা প্রয়োজন। তাঁদের চিকিত্সায় সরকার ও বিজিএমইএকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।