রানা প্লাজায় হাত গেছে এখন যাবে পা!

আন্না খাতুনের বয়স মাত্র ১৩। এর মধ্যেই জীবন যেন তাকে একের পর এক কঠিন পরীক্ষায় ফেলছে। সাভারে রানা প্লাজা ধসে পোশাকশ্রমিক মেয়েটি ডান হাত হারিয়েছিল। এবার তার ডান পায়ে ধরা পড়েছে ক্যানসার। চিকিৎসকেরা বলছেন, খুব সম্ভবত আন্নার ডান পা’টি কোমর থেকেই কেটে ফেলতে হবে।
রাজধানীর মহাখালীর ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের তিনতলার মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন আন্না খাতুন। দেখতে গেলে এ প্রতিবেদককে সে বলে, ‘রানা প্লাজার সময় বাঁচার জন্য হাত কাটতে বলছি। এখন আবার বাঁচার জন্য পা কাটতে হইব। তাও আমি বাঁচতে চাই।’
ক্যানসার হাসপাতালে আন্নার জন্য গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড। বোর্ডের সদস্য অধ্যাপক পারভীন শাহিদা আকতার প্রথম আলোকে বলেন, ‘আন্নার পায়ের হাড়ে পচন ধরেছে। এখন পা কেটে ফেলা ছাড়া অন্য কোনো উপায় নেই। না হলে ক্যানসার পুরো শরীরে ছড়িয়ে পড়বে। তার পরও আমরা ওর পা’টি রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করছি।’
চিকিৎসকেরা বলেছেন, আন্নার যে ক্যানসার হয়েছে, তার নাম র্যাবডোমাইয়ো সারকোমা। এটি একধরনের টিউমার, যা মাংসপেশি ও হাড়কে আক্রান্ত করে।
রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের ঘটনা বর্ণনা করতে গিয়ে আন্না বলে, ‘দুই দিন আটকা পইড়া আছিলাম। তার পর একটা লোকরে দেইখা বললাম, আমারে বাঁচান। লোকটা বলল, কীভাবে বাঁচাব, তোমার হাত তো পিলারের নিচে আটকা পড়ে আছে। আমি বললাম, দরকার হলে হাত কাইটা বাইর করেন। আমি বাঁচতে চাই।’
প্রধানমন্ত্রী আন্নার পরিবারের হাতে ক্ষতিপূরণের টাকা তুলে দিয়েছেন। অন্য আরও কিছু উৎস থেকেও আর্থিক সহায়তা পেয়েছে পরিবারটি। কিন্তু ঘনিয়ে আসে নতুন বিপদ। দুই মাস আগে ঘর থেকে বের হতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায় আন্না। পায়ে সামান্য ব্যথা হলে তাকে নিয়ে তিন দিন পর স্থানীয় চিকিৎসকের কাছে যান বাবা বাদশা মিয়া। সেই চিকিৎসায় সুস্থ না হলে আবার তাকে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়। সেখানেই জানা যায়, আন্নার ক্যানসার হয়েছে।
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ক্যানসার ধরা পড়ার পর থেকে আন্নার চিকিৎসার যাবতীয় খরচের দায়িত্ব নিয়েছে। সংগঠনটির অতিরিক্ত সচিব জগলুল হায়দার প্রথম আলোকে এ কথা জানান। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর দপ্তরও বিষয়টি দেখছে।