রানাকে বাদ দিয়েই দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নকশাবহির্ভূতভাবে সাভারের রানা প্লাজা ভবন নির্মাণের ঘটনায় ভবনের মালিক সোহেল রানাকে বাদ দিয়েই ১৭ জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার বেলা দেড়টায় দুদকের উপপরিচালক এস এম মফিদুল ইসলাম বাদী হয়ে সাভার থানায় মামলাটি করেন।

মামলায় যাঁদের আসামি করা হয়েছে, তাঁরা হলেন রানার বাবা আবদুল খালেক, রানার মা মর্জিনা বেগম, সাভার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কমিশনার হাজি মোহাম্মদ আলী, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক (আর্কিটেকচার ডিসিপ্লিন) স্থপতি এ টি এম মাসুদ রেজা, প্রকৌশলী সাজ্জাদ হোসাইন, সাভার পৌর মেয়র রেফাতউল্লাহ, সাভার পৌরসভার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, সাবেক সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, সাবেক উপসহকারী প্রকৌশলী রাকিবুল হাসান রাসেল, সাভার পৌরসভার সাবেক টাউন প্ল্যানার ফারজানা ইসলাম, লাইসেন্স পরিদর্শক মো. আবদুল মোত্তালিব, পৌরসভার সাবেক সচিব মর্জিনা খান, সাবেক সচিব আবুল বাশার, ভবনের ফ্যান্টম অ্যাপারেলসের চেয়ারম্যান মুহাম্মদ আমিনুল ইসলাম, নিউওয়েব বটমসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বজলুস সামাদ ও ইথার টেক্সের চেয়ারম্যান আনিসুর রহমান।
এর আগে গত বৃহস্পতিবার কমিশন এ মামলার অনুমোদন দেয়।
আসামিদের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন-১৯৪৭-এর ৫(২) ও দণ্ডবিধির ১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এই ভবনের মালিক সোহেল রানার বাবা আবদুল খালেক। কিন্তু ভবনটি পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করতেন রানা।