সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় করা হত্যা ও ইমারত নির্মাণ আইনের মামলায় আসামি সোহেল রানাকে আদালতে হাজির না করায় কারা কর্তৃপক্ষকে কারণ দর্শাতে বলেছেন আদালত। তাঁকেসহ দুই আসামিকে গতকাল রোববার আদালতে হাজির না করায় এই দুটি মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার শুনানির দিন আগামী ৮ জুলাই পুনর্নির্ধারণ করা হয়েছে।
গতকাল এই দুই মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে সোহেল রানা ও রফিকুলকে কারাগার থেকে আদালতে হাজির না করায় আদালত শুনানির পরবর্তী দিন ধার্য করেন। একই সঙ্গে কেন আসামিদের হাজির করা হয়নি, কারা কর্তৃপক্ষকে এ বিষয়ে কারণ দর্শানোর আদেশ দেন বিচারিক হাকিম শাহিনুর রহমান।
চলতি বছরের ১ জুন এই দুটি মামলায় সোহেল রানাসহ ৪২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার বিজয় কৃষ্ণ কর।
সোহেল রানা, তাঁর বাবা আবদুল খালেক, সাভার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, ওই পৌরসভার সাবেক মেয়র রেফায়েত উল্লাহ, বর্তমান কমিশনার মোহাম্মদ আলী খানসহ হত্যা মামলায় ৪১ জন এবং ইমারত আইনের মামলায় ১৮ জনকে আসামি করা হয়।