রানার অবৈধ সম্পদ অনুসন্ধান শেষ পর্যায়ে: দুদক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানা প্লাজার মালিক সোহেল রানার অবৈধ সম্পদ অনুসন্ধানের কাজ প্রায় শেষ পর্যায়ে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
আজ বুধবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে দুদক সচিব এ কথা জানান।
ফয়জুর রহমান চৌধুরী জানান, একই সঙ্গে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পক্ষ থেকে রানা প্লাজা ধসের কারণ এবং সোহেল রানার অন্যান্য অনিয়মের বিষয় খতিয়ে দেখা হচ্ছে। দুদক ও সিআইডির প্রতিবেদন দুটি সমন্বয় করে শিগগিরই কমিশনে জমা পড়বে।
দুদক সচিব বলেন, রানা প্লাজা ধসের এক বছর হয়ে গেছে। তাই দ্রুত ওই প্রতিবেদন শেষ করার চেষ্টা করা হচ্ছে। দুদকের দুজন উপপরিচালক বিষয়টি তদন্ত করছেন। অনুসন্ধানের এ পর্যায়ে সোহেল রানার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনেক প্রমাণ পাওয়া গেছে।