নারায়ণগঞ্জে সাত খুনের মামলার অন্যতম আসামি র্যাবের সাবেক কর্মকর্তা এম এম রানার জামিনের আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্টের একজন বিচারপতি। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়েে গঠিত হাইকোর্ট বেঞ্চে গতকাল রোববার রানার এই জামিন আবেদনের শুনানি হওয়ার কথা ছিল।
এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ প্রথম আলোকে বলেন, বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ব্যক্তিগত সমস্যার কারণে এই জামিন আবেদনের শুনানি নিতে অপারগতা প্রকাশ করে অন্য বেঞ্চে শুনানির জন্য যেতে বলেন। গত বৃহস্পতিবার এই জামিন আবেদনটি জমা দেওয়া হয়েছিল।
রানার পক্ষে ছিলেন আইনজীবী আবুল হোসেন।
সাত খুনের ঘটনায় করা দুই মামলায় র্যা বের ২৫ জন সদস্যসহ ৩৫ জনের বিরুদ্ধে গত সপ্তাহে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। আসামিদের মধ্যে রয়েছেন র্যা বের সাবেক তিন কর্মকর্তা তারেক সাঈদ মোহাম্মদ, আরিফুর রহমান, এম এম রানা এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন।
গত বছরের ২৭ এপ্রিল দুপুরে কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহরণ করা হয়। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের এবং গত ১ মে অপর একজনের লাশ পাওয়া যায়। সাত খুনের মামলায় র্যা বের সাবেক তিন কর্মকর্তা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।