রানার জামিন হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোহেল রানা
সোহেল রানা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাভারের বিধ্বস্ত ‘রানা প্লাজা’র কর্ণধার সোহেল রানার জামিন মেলেনি। গতকাল বৃহস্পতিবার হাইকোর্ট তাঁর জামিন আবেদন উপস্থাপিত হয়নি বিবেচনায় খারিজ করে দিয়েছেন।
বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবেদন উপস্থাপিত হয়নি বলে খারিজ করে দেন।
আইনজীবী সূত্র জানায়, চলতি বছরের ১২ জুন রানা প্লাজা ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ এনে সাভার থানায় ১৭ জনের বিরুদ্ধে একটি মামলা করে দুদক। এতে পরস্পরের সহযোগিতায় ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে ভবনের নকশা প্রস্তুত, অনুমোদন, নির্মাণ ও গার্মেন্টস ব্যবসা পরিচালনার অভিযোগ আনা হয়। ক্ষমতার অপব্যবহার করে ভবনের নকশা প্রস্তুত ও অনুমোদনের অভিযোগে করা মামলায় রানা প্লাজার কর্ণধার সোহেল রানা, তাঁর বাবা-মাসহ ১৮ জনের বিরুদ্ধে ১৬ জুলাই অভিযোগপত্র দিয়েছে দুদক। এর আগে ২৪ জুন এই মামলায় সোহেল রানাকে গ্রেপ্তার দেখানো হয়।
গতকাল রানার পক্ষে আদালতে জামিন আবেদন উপস্থাপন করেন আইনজীবী মো. নাজমুল হুদা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। পরে মো. নাজমুল হুদা প্রথম আলোকে বলেন, আদালত সোহেল রানার জামিন আবেদনটি উপস্থাপিত হয়নি বলে খারিজ করে দিয়েছেন।
২০১২ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ডের অদূরে অবস্থিত বহুতল ভবন রানা প্লাজা ধসে পড়ে। এর আগের দিন এতে ফাটল ধরা পড়েছিল। ভবনটিতে পাঁচটি তৈরি পোশাক কারখানাসহ বেশ কিছুসংখ্যক বাণিজ্যিক প্রতিষ্ঠান ছিল। এ ঘটনায় হাজারের বেশি মানুষ নিহত হন। ওই বিপর্যয়ের ঘটনায় কয়েকটি মামলা হয়। এর মধ্যে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের অভিযোগে ওই দিনই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বাদী হয়ে সাভার মডেল থানায় সোহেল রানার বিরুদ্ধে একটি মামলা করে। অবহেলাজনিত মৃত্যু ঘটানোর অভিযোগে ছয়জনকে আসামি করে ২৫ এপ্রিল সাভার মডেল থানায় অপর মামলাটি করে পুলিশ। ওই বছরের ২৮ এপ্রিল সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।