রানার মা-বাবার বিরুদ্ধে মামলা করছে দুদক
সাভারে ধসে পড়া রানা প্লাজার কর্ণধার সোহেল রানার মা ও বাবার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আলাদাভাবে দুটি মামলা করার অনুমতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে শিগগিরই মামলা হবে।
আজ বৃহস্পতিবার মামলা দুটির অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।
দুদক সূত্র জানায়, রানার মা মর্জিনা বেগম ও বাবা আবদুল খালেকের নামে প্রায় ১৭ কোটি টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে। অনুসন্ধানে খালেকের নামে ১০ কোটি ২৪ লাখ এবং মর্জিনার নামে ছয় কোটি ৬৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ থাকার প্রমাণ মিলেছে। দুদকে জমা দেওয়া সম্পদের বিবরণীতে তাঁরা তথ্য গোপন করেছেন।
রানার মা-বাবার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করেছেন দুদকের উপপরিচালক মাহবুবুল আলম। তিনিই এই দুজনের বিরুদ্ধে মামলা করবেন।
খালেক ও মর্জিনার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আলাদাভাবে মামলার সুপারিশ করে গত বৃহস্পতিবার কমিশনে দুটি প্রতিবেদন দেওয়া হয়। প্রতিবেদন দুটি খতিয়ে দেখে আজ মামলা করার অনুমতি দিল কমিশন।
খালেক ও মর্জিনার স্থাবর সম্পদের মধ্যে রয়েছে সাভার বাসস্ট্যান্ডে ৫০ শতাংশ জমি (যেখানে রানা প্লাজা ছিল), সাভার বাজার রোডে আটতলা বাণিজ্যিক ভবন, বাজার রোডের বি-৬৯ / ১ ঠিকানায় পাঁচতলা আবাসিক ভবন, রানা প্লাজার পেছনে সুমি টাওয়ার নামে ছয়তলা আবাসিক ভবন, মানিকগঞ্জের সিঙ্গাইরে জয়মণ্ডপ এলাকায় দোতলা বাড়ি, রানা ব্রিকস, এম এ কে ব্রিকস ও রানা অয়েল মিল। অস্থাবর সম্পদের মধ্যে রয়েছে এক্সিম ব্যাংকের সাভার বাজার শাখায় ৩৫ লাখ টাকার এফডিআর, ন্যাশনাল ব্যাংকের সাভার শাখায় তিনটি হিসাব এবং ব্র্যাক ব্যাংক সাভার বাসস্ট্যান্ড শাখায় দুটি হিসাবে থাকা অর্থ।
২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে পড়ে। ২৯ এপ্রিল বেনাপোলে র্যাবের হাতে গ্রেপ্তার হন রানা। তিনি এখন কারাগারে।
রানা প্লাজা ধসের ঘটনায় এক হাজার ১৭৫ জন প্রাণ হারান। অনেকে আহত হন। হতাহতের বেশির ভাগই পোশাকশ্রমিক। এ ঘটনায় নকশা বহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে রানার মা-বাবা, সংশ্লিষ্ট প্রকৌশলীসহ ১৭ জনের বিরুদ্ধে ২০১৪ সালের ১৫ জুন মামলা করে দুদক। এতে রানাকে আসামি করা হয়নি। দুদক ইতিমধ্যে আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করেছে।