রানার বাবা-মায়ের বিরুদ্ধে দুই মামলার অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে ধসে পড়া রানা প্লাজার কর্ণধার সোহেল রানার বাবা ও মায়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার মামলা দুটির অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।
দুদকের সূত্র জানায়, সোহেল রানার বাবা আবদুল খালেক ও মা মর্জিনা বেগমের বিরুদ্ধে প্রায় ১৭ কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পান দুদকের অনুসন্ধান কর্মকর্তা। এ বিষয়টি উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক মামলার সুপারিশ করে ২ এপ্রিল কমিশনে প্রতিবেদন জমা দেন অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপপরিচালক মাহবুবুল আলম। প্রতিবেদন দুটি খতিয়ে দেখে গতকাল মামলার অনুমোদন দেয় কমিশন। মাহবুবুল আলম আগামী সপ্তাহে সোহেল রানার বাবা-মায়ের বিরুদ্ধে এ ব্যাপারে মামলা করবেন।
সূত্র আরও জানায়, অনুসন্ধানে আবদুল খালেকের নামে ১০ কোটি ২৪ লাখ এবং মর্জিনা বেগমের নামে ৬ কোটি ৬৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ থাকার প্রমাণ পাওয়া গেছে। দুজনের মোট অবৈধ সম্পদের পরিমাণ প্রায় ১৭ কোটি টাকা। দুদকে জমা দেওয়া সম্পদের বিবরণীতে তাঁরা এসব সম্পদের তথ্য গোপন করেছেন।
২০১৩ সালের ২৪ এপ্রিল সকালে সাভার বাসস্ট্যান্ডের কাছে নয়তলা রানা প্লাজা ধসে পড়ে। ওই ভবনে বেশ কয়েকটি পোশাক কারখানায় তখন কাজ চলছিল। রানা প্লাজা ধসের ঘটনায় ১ হাজার ১০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান। আহত হন অনেকে। হতাহত মানুষদের বেশির ভাগই পোশাকশ্রমিক। পরে ২৯ এপ্রিল যশোরের বেনাপোল থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করেন র্যাবের সদস্যরা। গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে আছেন। তাঁর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অনুসন্ধানের অংশ হিসেবে চলতি বছরের ২ এপ্রিল কাশিমপুর কারাগারে আটক রানার কাছে সম্পদ বিবরণীর নোটিশ পাঠানো হয়েছে। কারা কর্তৃপক্ষের মাধ্যমে দুদক এই নোটিশ পাঠায়।
রানা প্লাজা ধসের ঘটনায় সাভার থানায় তাঁর বিরুদ্ধে মাদক, অস্ত্র, হত্যা ও ইমারত নির্মাণ আইনে একাধিক মামলা হয়। ওই সব মামলায় সোহেল রানা গ্রেপ্তার রয়েছেন।
এদিকে নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে রানার বাবা-মা, সংশ্লিষ্ট প্রকৌশলীসহ ১৭ জনের বিরুদ্ধে ২০১৪ সালের ১৫ জুন একটি মামলা করে দুদক। এতে রানাকে আসামি করা হয়নি। দুদক ইতিমধ্যে আদালতে এ মামলায় অভিযোগপত্র দাখিল করেছে। রানার বাবা ও মা বর্তমানে জামিনে আছেন।