রানার সম্পাদক মঞ্জুরুল আলম আর নেই

যশোর থেকে প্রকাশিত দৈনিক রানার সম্পাদক আর এম মঞ্জুরুল আলম (টুটুল) গতকাল বুধবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর।
পরিবার সূত্রে জানা গেছে, গতকাল তিনি অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় অবস্থান করছিলেন। সকাল আটটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাঁকে নওয়াপাড়ার একটি ক্লিনিকে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।
মঞ্জুরুল যশোর প্রেসক্লাবের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি শহীদ সাংবাদিক গোলাম মাজেদের ছেলে ও নিহত সাংবাদিক সাবেক রানার সম্পাদক আর এম সাইফুল আলম মুকুলের ভাই।
সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুরে মঞ্জুরুলের মরদেহ প্রেসক্লাব চত্বরে নেওয়া হয়। এশার নামাজের পর জানাজা শেষে বেজপাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়।