রানি এলিজাবেথকে উৎসর্গ করে তৈরি ভাস্কর্য অবমুক্ত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন গতকাল শনিবার বারিধারায় একটি ভাস্কর্য অবমুক্ত করেছেন। যুক্তরাজ্যের সিংহাসনে রানি দ্বিতীয় এলিজাবেথের হীরকজয়ন্তী এবং কমনওয়েলথের প্রধান হিসেবে ৬০ বছর উদ্যাপন উপলক্ষে হাইকমিশনারের বাসায় এ ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে। যুক্তরাজ্যের হাইকমিশন গতকাল এক বিজ্ঞপ্তিতে জানায়, এ উপলক্ষে দেওয়া বিবৃতিতে রবার্ট গিবসন বলেছেন, কমনওয়েলথের ‘মাতৃসম চরিত্র’ হিসেবে এ ভাস্কর্যটি রানি দ্বিতীয় এলিজাবেথকে উৎসর্গ করা হয়েছে। বিবৃতিতে হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের গত চার দশকের সফল সম্পর্ক অত্যন্ত গভীরে প্রোথিত, যা পর্যায়ক্রমে নানা ক্ষেত্রে বিস্তৃত হয়েছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের আর্থিক সহায়তায় ‘মা’ নামের ভাস্কর্যটি নির্মাণ করেছেন শিল্পী হামিদুজ্জামান খান। তিনি বলেন, ‘মা আমার সামনে কীভাবে বসেন, সে ভাবনা থেকেই রানিকে নিয়ে ভাস্কর্যটি সৃষ্টি করেছি।’