রানীক্ষেতে মরছে হাঁস-মুরগি কাকের মৃত্যুর কারণ অজানা
পটুয়াখালীর পর এবার বরগুনার আমতলী উপজেলায় কাক মরছে। গত আট-দশ দিনে উপজেলার বিভিন্ন স্থানে কয়েক শ কাক ও তিন হাজার হাঁস-মুরগি মারা গেছে। কাকের মৃত্যুর কারণ বলতে না পারলেও হাঁস-মুরগি রানীক্ষেত রোগে মারা যাচ্ছে বলে স্থানীয় পশুসম্পদ কার্যালয় সূত্র জানিয়েছে। মৃত হাঁস-মুরগি ও কাককে মাটি চাপা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গত মঙ্গল ও বুধবার দুই দিনে আমতলী পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা চায়না আক্তারের ১২টি মুরগি মারা গেছে। বুধবার ১ নম্বর ওয়ার্ডের অমল শীলের তিনটি হাঁস ও চারটি মুরগি মারা গেছে। গত পাঁচ দিনে তালতলী উপজেলার চরপাড়া গ্রামের জালাল উদ্দিনের ৩০টি মুরগি, ১২টি রাজহাঁস ও ১৭টি চীনা হাঁস মারা গেছে। গ্রামাঞ্চলে ব্যাপক হারে হাঁস-মুরগি মারা যাচ্ছে বলে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে। চাওড়া গ্রামের আবদুল হক বলেন, প্রথমে হাঁস-মুরগি চুনসদৃশ পাতলা পায়খানা করে। পরে মাথা ঘুরে মারা যাচ্ছে। বুধবার হাটের দিন আমতলী হাটে অনেক হাঁস-মুরগি বিক্রির জন্য আনা হয়। হলদিয়া গ্রামের বিক্রেতা রহমান ফরাজি বলেন, ‘গ্রামে হাঁস-মুরগির অসুখ শুরু হইছে। ওষুধেও কাম করে না। হেইতে আতালের (বাড়ির) সব হাঁস-মুরগি বেচতে আনছি।’ এদিকে আমতলী পৌর শহরসহ সর্বত্র, এমনকি বিভিন্ন বাড়ির আঙিনায় মৃত কাক পাওয়া যাচ্ছে। আবার বিভিন্ন স্থানে অসুস্থ কাককে ঝিমোতে দেখে লোকজন সেগুলোকে তাড়িয়ে দিচ্ছে। আমতলী পশুসম্পদ দপ্তরে যোগাযোগ করা হলে উপজেলা পশুসম্পদ কর্মকর্তা ও উপজেলা পশুচিকিৎসকের দুটি পদই বর্তমানে শূন্য রয়েছে বলে জানানো হয়। তবে ওই দপ্তরের সহকারী পশুচিকিৎসক আবদুস সোবাহান বলেন, ‘ইতিমধ্যে মৃত কাকের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এখনো ফলাফল জানা যায়নি।’ ওই পশুচিকিৎসকের ধারণা, মৃত হাঁস-মুরগির মাংস খেয়ে কাক আক্রান্ত হতে পারে। তিনি মৃত কাক, হাঁস-মুরগিকে মাটি চাপা দেওয়ার পরামর্শ দিয়েছেন।ভারপ্রাপ্ত জেলা পশুসম্পদ কর্মকর্তা রবীন্দ্রনাথ বলেন, ‘এই মৌসুমে সাধারণত হাঁস-মুরগির রানীক্ষেত, ডাক-প্লেগ ও কলেরা দেখা দেয়। লক্ষণ শুনে মনে হচ্ছে, হাঁস-মুরগির রানীক্ষেত হয়েছে। আর কাকের ক্ষেত্রে কী হয়েছে তা বলা যাচ্ছে না।’