রানীখেত রোগে মুরগি মরে শেষ, দিশেহারা খামারিরা
বগুড়ার দুপচাঁচিয়ায় গাম্বুরো ও রানীখেত রোগে আক্রান্ত হয়ে মুরগি মারা যাচ্ছে। হঠাৎ এ ধরনের রোগের সংক্রমণে খামারিরা দিশেহারা হয়ে পড়েছেন। খামারিরা আগাম ভ্যাকসিন দেওয়ার পরও মুরগি এ রোগে কেন আক্রান্ত হচ্ছে, তার সঠিক কারণ নিরূপণ করতে পারছেন না পশুচিকিৎসকেরা। তবে বর্ষার এ মৌসুমে বৃষ্টির পরিমাণ কম হওয়া ও প্রচণ্ড গরমে এসব রোগ ছড়াচ্ছে বলে অভিজ্ঞ খামারিরা জানান।
খামারিরা জানান, উপজেলার বিভিন্ন খামারে গত ১০-১৫ দিনে হঠাৎ করে মুরগির পাখা নেমে যাওয়া, চুন কিংবা সবুজাভাব হলুদ পায়খানা করা গাম্বুরো রোগের লক্ষণ। এ রোগে আক্রান্ত মুরগি দুই-তিন দিনের মধ্যে মারা যায়। আবার অনেক খামারে মুরগি ঝিঁমানো, সবুজাভ পায়খানা করা শুরু করা রানীখেত রোগের লক্ষণ। এসব রোগে আক্রান্ত মুরগিকে তাৎক্ষণিক চিকিৎসা না নিলে ১২ ঘণ্টার মধ্যে খামারের সব মুরগি মরে যায়।
উপজেলার তিষীগাড়ি মোড়ে অবস্থিত খামারি রাশেদুল ইসলাম বলেন, ‘গত সপ্তাহে তাঁর খামারে গাম্বুরো রোগ ধরে মুরগিতে। ভ্যাকসিন দেওয়ার পরও এ রোগে আক্রান্ত হয়ে তাঁর সাড়ে ৬০০ মুরগি মারা গেছে। তবে সঙ্গে সঙ্গে চিকিৎসা দেওয়ায় বাকি মুরগিগুলো রক্ষা পায়। তাঁর তিনটি শেডে আট হাজার মুরগি ছিল। এ রোগের জন্য তাঁর শুধু ওষুধে ১০-১৫ হাজার টাকা খরচ হয়েছে। এরপর মুরগির মারা যাওয়ার হিসেব তো আছেই।’
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক গোলাম মোস্তফা বলেন, ‘গাম্বুরো কিংবা রানীখেত মুরগির জন্য খুবই মারাত্মক রোগ। আমাদের কাছে কোনো খামারি এলে আমরা মুরগি সিজার (কেটে) করে দেখে চিকিৎসা দিই।’