হাইকোর্টে ২৪ মে করা এক রিটের কারণে ২৮ মে ভোট হয়নি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদে (ইউপি)। গতকাল রোববার এই রিটের আপিল শুনানি শেষে ভোট গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আদেশ দিয়েছেন উচ্চ আদালত।
হাইকোর্টে রিট আবেদন করেছিলেন রানীগঞ্জ ইউপির বর্তমান চেয়ারম্যান ও নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মজলুল হক। আবেদনে তিনি উল্লেখ করেন, কুশিয়ারা নদীর ভাঙনে ওই ইউপির সীমানা বদলে গেছে। তাই ইউপির সীমানা পুনর্বিন্যাস হওয়া দরকার। এ জন্য নির্বাচন স্থগিত করে সীমানা পুনর্বিন্যাসের আবেদন করেন তিনি। আদালত তিন মাসের জন্য নির্বাচন স্থগিত করেন।
হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। গত বৃহস্পতিবার আপিলের শুনানি শেষে গতকাল অধিকতর শুনানির জন্য দিন ধার্য করেন আদালত। এ কারণে শনিবার ভোট হয়নি। রাষ্ট্রপক্ষের আইনজীবী এনামুল কবীর বলেন, ২০১৫ সালের এপ্রিল মাসে নির্বাচন কমিশনে একইভাবে আবেদন করেছিলেন মো. মজলুল হক। তখন জগন্নাথপুর ইউএনও সীমানা পুনর্বিন্যাসের কোনো প্রয়োজন নেই বলে নির্বাচন কমিশনে প্রতিবেদন দেন। কিন্তু রিট আবেদনে ওই প্রসঙ্গটি এড়িয়ে যাওয়া হয়েছে। তিনি আরও বলেন, ‘আমরা আদালতে বিষয়টি তুলেছি এবং এখানে নির্বাচন হতে কোনো বাধা নেই বলে জানিয়েছি। আদালত দ্রুত নির্বাচন সম্পন্নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের আদেশ দিয়েছেন।’