রানীনগর-আবাদপুকুর সড়ক খানাখন্দে ভরা
নওগাঁর রানীনগর উপজেলা সদর থেকে আবাদপুকুর হাট পর্যন্ত প্রায় সাত কিলোমিটার সড়কের বিভিন্ন জায়গাই ছোট-বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। বর্ষায় বৃষ্টির পানিতে খানাখন্দে ভরে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলছে সব ধরনের যানবাহন।
রানীনগর উপজেলা সদরের বিএনপির মোড়, উপজেলা পরিষদে যাওয়ার রাস্তা, রানীনগর বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এবং আবাদপুকুর-সিম্বা বাজার এলাকায় রাস্তার অবস্থা সবচেয়ে খারাপ। এ এলাকার সোনাকানিয়ায় সড়কে মাঝেমধ্যে ইট-পাথর উঠে যাওয়ায় সৃষ্টি হয়েছে খানাখন্দ। দীর্ঘদিন যাবৎ রাস্তা সংস্কার না করায় রাস্তার এ ধরনের দুর্ভোগের সৃষ্টি হয়েছে বলে স্থানীয় লোকজনের অভিযোগ।
উপজেলার পালশা গ্রামের কৃষক গোলাম হোসেন জানান, তাঁরা উপজেলার প্রত্যন্ত এলাকায় বাস করেন। আবাদপুকুর থেকে রানীনগর সড়কটি উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের একমাত্র পথ। এ এলাকার উৎপাদিত ধানসহ বিভিন্ন পণ্য এই সড়ক দিয়ে উপজেলা সদরে নেওয়া হয়। সড়কের অবস্থা খারাপ হওয়ায় বেশি টাকা দিয়ে পণ্য পরিবহন করতে হচ্ছে। আবাদপুকুর এলাকার বাসিন্দা ওয়াহেদুল ইসলাম বলেন, আবাদপুকুর হাট উপজেলার নামকরা একটি হাট। জেলার বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা এই হাটে আসেন। সড়কের অবস্থা খারাপ হওয়ায় এবং পণ্য পরিবহনে খরচ বেশি পড়ায় হাটে ব্যবসায়ীদের আসা কমে গেছে। রানীনগর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান গেটের সামনের রাস্তায় বড় বড় গর্ত হওয়ায় শিক্ষার্থীদের যাতায়াতে চরম বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। কয়েকজন শিক্ষার্থী বলে, তাদের দুর্ভোগের কথা মাথায় রেখে কর্তৃপক্ষের উচিত দ্রুত রাস্তাটি সংস্কার করা।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আবু মো. শফিউল আজম বলেন, বর্তমানে উপজেলার বেশ কয়েকটি সড়কের অবস্থা খারাপ। জরুরি ভিত্তিতে সড়কগুলো সংস্কারের জন্য ঊর্ধ্বতন মহলে চিঠি পাঠানো হয়েছে।
এ বিষয়ে নওগাঁ স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী বাদশা মিয়ার সঙ্গে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।