রানীনগরে আউশ ধান কাটার ধুম

নওগাঁর রানীনগর উপজেলায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আউশ ধানের আবাদ হয়েছে। খেত থেকে ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন উপজেলার কৃষকেরা। বাম্পার ফলন এবং বাজারে ধানের দাম বেশি হওয়ায় তাঁরা বেশ খুশি।
উপজেলা কৃষি কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বর্ষা মৌসুমে উপজেলায় ২ হাজার ৮০ হেক্টর জমিতে আউশ ধান আবাদের লক্ষ্যমাত্রা ছিল। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় ৩ হাজার ২২৮ হেক্টর জমিতে বর্ষালী আউশ ধানের চাষ করেন কৃষকেরা। জ্যৈষ্ঠ মাসের প্রথমে (মে মাসের মাঝামাঝি) ধান রোপণের শুরু। মূলত পারিজা ও বিআর-৫, বিআর-৪৮ ও নেরিকা জাতের ধানের আবাদই বেশি হয়েছে। অনুকূল আবহাওয়া এবং রোগবালাই না থাকায় এবার বাম্পার ফলন হয়েছে। এক সপ্তাহ আগে ধান কাটা শুরু হয়েছে। প্রতি বিঘা জমিতে (৩৩ শতক) ১৬-১৮ মণ ধান পাওয়া যাচ্ছে। বাজারে ধানের দামও ভালো। গত রোববার আবাদপুকুর বাজারে প্রতি মণ ধান ৬৩০-৬৫০ টাকা দরে বিক্রি হয়েছে।
উপজেলার কালীগ্রাম কসবাপাড়া গ্রামের কৃষক লুৎফর রহমান বলেন, সরকারি প্রণোদনা আউশ চাষে কৃষকদের উৎসাহিত করেছে। প্রতি বিঘা জমির জন্য একজন কৃষককে ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিওপি এবং ৪০০ টাকা দিয়েছে সরকার। অনুকূল আবহাওয়ায় এবার ফলন ভালো। প্রতি বিঘা জমিতে ১৬-১৮ মণ ধান পাওয়া যাচ্ছে।
হরিপুর গ্রামের কৃষক পরিতোষ চন্দ্রা বলেন, এক সপ্তাহ আগে ধান কাটা শুরু হয়েছে। বৃষ্টির কারণে মাড়াইয়ে কিছুটা সমস্যা হচ্ছে। বাজারে ধানের দাম ভালো। অন্য ধানের চেয়ে বর্ষালী আউশ আবাদে লাভ বেশি। প্রতি বিঘা আবাদে খরচ হয়েছে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা। প্রতি বিঘার ধান করে আয় হচ্ছে ১০ হাজার টাকার ওপর।’
লাভ বেশি হওয়ায় আগামী মৌসুমে আরও বেশি জমিতে আউশ আবাদ করবেন বলে জানান সিলমাদার গ্রামের কৃষক এমদাদুল হক ও ভেটি গ্রামের কৃষক নজরুল ইসলাম।
উপজেলা কৃষি কর্মকর্তা এস এম গোলাম সারোয়ার বলেন, সরকারি প্রণোদনা পাওয়ার কারণে কৃষকেরা আউশ ধান চাষে আগ্রহী হয়ে উঠেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন বেশ ভালো। দাম বেশি পাওয়ায় আগামীতে এ ধানের আবাদ আরও বাড়বে।