রানীনগরে এক ব্যক্তি চার দিন ধরে নিখোঁজ
নওগাঁর রানীনগরে এমরান হোসেন (২২) নামের সিনজেনটা কোম্পানির একজন মাঠকর্মী চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের এক দিন পর স্থানীয় লোকজন তাঁর ব্যবহৃত বাইসাইকেল ও ব্যাগ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে থানায় জমা দিয়েছেন। এমরান রানীনগর উপজেলার কালীগ্রাম বড়িয়াপাড়া গ্রামের মোকলেছুর রহমানের ছেলে।
এমরান হোসেনের মামা হোসেন আলী ও ভগ্নিপতি সাইদ হোসেন বলেন, প্রায় সাড়ে তিন বছর আগে সিনজেনটা কোম্পানির ফিল্ড ডেভেলপার হিসেবে চাকরি নেন। তিনি রানীনগর সদরের পূর্ব বালুভরা গ্রামে গোলাম হোসেনের বাসায় ভাড়া থাকতেন। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার বাড়িতে গিয়ে আবার শনিবার কর্মস্থলে ফিরে আসতেন। গত সোমবার বাসার মালিক গোলাম হোসেনসহ তাঁর বন্ধুরা ফোন করে তাঁকে পাওয়া যাচ্ছে না বলে জানান। ওই দিন সন্ধ্যায় রানীনগর রেললাইনের দক্ষিণ পাশে চকের ব্রিজ এলাকার রাস্তার পাশে ঝোপের মধ্য থেকে একটি সাইকেল ও একটি ব্যাগ উদ্ধার করে স্থানীয় লোকজন থানায় জমা দেন। খবর পেয়ে এমরানের আত্মীয়স্বজনেরা থানায় গিয়ে ব্যাগ ও বাইসাইকেলটি এমরানের বলে শনাক্ত করেন।
এমরানের সহকর্মী রাকিব হোসেন বলেন, ‘আমি আর এমরান একই বাসার একই রুমে থাকি। একই কোম্পানির রানীনগর উপজেলার রেললাইনের পূর্ব দিকে এমরান ও রেললাইনের পশ্চিম দিকে আমি কর্মরত আছি। ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় এমরান হোসেন বলেছিলেন, ‘এক জায়গায় যাচ্ছি, ফিরতে দুই ঘণ্টা দেরি হতে পারে। এরপর আর বাসায় ফিরে আসেননি।’
বাসার মালিক গোলাম হোসেন বলেন, রোববার সন্ধ্যার পর এমরান বাসায় এসে সাইকেল নিয়ে বের হয়ে যান। যাওয়ার সময় বাসায় ফিরতে কিছু দেরি হতে পারে বলে জানিয়ে চলে যান। এরপর সারা রাত বাসায় ফিরে না আসায় ও মোবাইল ফোন বন্ধ পাওয়ায় সকালে এমরানের বাড়িতে খবর দেওয়া হয়। এমরানের সঙ্গে কারও কোনো দ্বন্দ্ব ছিল না বলে জানান তিনি।
রানীনগর থানার ওসি (তদন্ত) জহুরুল হক বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে এমরানের বাবা মোকলেসুর রহমান থানায় একটি জিডি করেছেন। এমরানের পারিপার্শ্বিক বিষয়াদি খোঁজ করে দেখা হচ্ছে এবং তাঁকে খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা চলছে।