রানীনগরে এক ব্যবসায়ী পাঁচ দিন ধরে নিখোঁজ
নওগাঁর রানীনগর উপজেলার চকাধীন গ্রামের ইসলাম হোসেন (২৬) নামের এক ব্যবসায়ী পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যদের আশঙ্কা, তাঁকে কেউ অপহরণ করেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পরিবার সূত্র যানায়, ইসলাম হোসেন এলাকার কুবড়াতলী বাজারে কাপড়ের ব্যবসা করেন। গত মঙ্গলবার বেলা দুইটার দিকে দোকানের মালামাল আনার জন্য তিনি নওগাঁর উদ্দেশে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না।
ইসলামের বড় ভাই ইসমাইল হোসেন বলেন, ‘ওই দিন বিকেল থেকে ইসলামে মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যাচ্ছে। সম্ভাব্য সব জায়গায়ই খোঁজখবর করা হয়েছে। ইসলাম শান্ত প্রকৃতির ছেলে। এলাকায় কারও সঙ্গে তার বিবাদ নেই। সে রাজনীতির সঙ্গেও জড়িত নয়। দীর্ঘদিন ধরে সে বাজারে ব্যবসা করে আসছে। কেউ তাকে অপহরণ করে থাকতে পারে। তার নিখোঁজের ঘটনায় পরিবারে আতঙ্ক বিরাজ করছে।’
রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ খান বলেন, পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্বসহকারে খতিয়ে দেখছে।