জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় গতকাল বুধবার আনোয়ার হোসেন (৪০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। ‘মানসিক ভারসাম্যহীন’ ছোট ভাইয়ের লাঠির আঘাতে আনোয়ারের মৃত্যু হয়। এ ঘটনায় ছোট ভাই মুনিরুল ইসলামকে (২৮) আটক করেছে পুলিশ। এদিকে গতকাল নওগাঁর রানীনগরে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেনের বাড়ি পাঁচবিবি উপজেলার সরাইল গ্রামে। গতকাল ভোরে তাঁর ছোট ভাই মুনিরুল ইসলাম ঘরে ঢুকে আনোয়ারের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। গুরুতর অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা তিনটার দিকে তাঁর মৃত্যু হয়। এ খবর জানার পর নিজ বাড়ি থেকে মুনিরকে আটক করে পুলিশ। পরিবারের দাবি, মুনির মানসিক ভারসাম্যহীন। এ কারণে কিছুদিন আগে তাঁকে মালয়েশিয়া থেকে দেশে ফেরত পাঠানো হয়।
সন্ধ্যা ছয়টার দিকে মুঠোফোনে জানতে চাইলে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, মামলার প্রক্রিয়া চলছে। আটক মুনির মানসিক রোগী কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে নওগাঁর রানীনগর উপজেলার দামুয়া গ্রামের গৃহবধূ মৌসুমি আক্তারের (২০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৌসুমি ওই গ্রামের স্বপন আলীর স্ত্রী। গতকাল সকালে স্বামীর সঙ্গে তাঁর ঝগড়া হয়। এরপর বেলা সাড়ে ১১টার দিকে ঘরের ভেতরে বৈদ্যুতিক পাখার সঙ্গে মৌসুমির লাশ ঝুলতে দেখেন পরিবারের লোকজন।
মৌসুমির শাশুড়ি খোদেজা বিবি বলেন, তাঁর পুত্রবধূ মৌসুমির ছোট বোনের বিয়ে আজ বৃহস্পতিবার। ওই বিয়েতে যাওয়া নিয়ে সকালে স্বামী-স্ত্রীর মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে খাবার খেয়ে পরিবারের পুরুষ সদস্যরা কাজে চলে যান। মৌসুমি নয় মাসের মেয়েকে নিয়ে নিজ ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। পরে তাঁরা জানালা দিয়ে দেখতে পান ওড়না দিয়ে বৈদ্যুতিক পাখার সঙ্গে প্যাঁচানো মৌসুমির লাশ ঝুলছে।
তবে মৌসুমির মামা জামাল হোসেনের অভিযোগ, তাঁর ভাগনিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
সন্ধ্যা ছয়টার দিকে জানতে চাইলে রানীনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, গৃহবধূর ঘরের দরজাটি ভেতর থেকে বন্ধ ছিল। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।