রানীনগরে ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত
নওগাঁর রানীনগর উপজেলার গোনা ও মিরাট ইউনিয়নের সাতটি গ্রামে গত শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত ও অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। গোনা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বেলাল জানান, আকস্মিক ঝড়ে ইউনিয়নের ভবানীপুর, বেতগাড়ি, দুর্গাপুর, ঘোষগ্রাম ও কোচগ্রামসহ পার্শ্ববর্তী মিরাট ইউনিয়নের হরিষপুর ও আতাইকুলা গ্রামের শতাধিক কাঁচা বাড়ি বিধ্বস্ত ও অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। এ সময় বিভিন্ন ঘরের উড়ে যাওয়া টিন ও গাছের ভেঙে পড়া ডালপালার আঘাতে অন্তত নয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেতগাড়ি এবং দুর্গাপুর গ্রামের ইমরান, সায়ের আলী, আবদুল মান্নান, মফতুল্যা ও বাদেশ আলীকে রানীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের সূত্রে জানা গেছে, বিকেল তিনটার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ছেয়ে যায়। সাড়ে তিনটার দিকে প্রচণ্ড ঝড়ে বেশ কিছু বাড়িঘরের চাল উড়ে যায়। প্রায় তিন মিনিট স্থায়ী ওই ঝড়ে প্রায় দুই বর্গকিলোমিটার এলাকার কয়েক শ বাড়িঘর ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়। ঝড়ে ওই এলাকার বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি উপড়ে পড়েছে।