রানীনগরে ধরা পড়ছে বিপুল পরিমাণ মাছ

নওগাঁর রানীনগরে নদী, খাল ও বিলগুলোতে পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ধরা পড়ছে বিপুল পরিমাণ দেশি নানা প্রজাতির মাছ। গত চার দশকে এ এলাকার নদী ও বিলে এত বেশি মাছের দেখা পায়নি এলাকাবাসী।
উপজেলার হরিশপুর গ্রামের মৎস্যজীবী লোকমান আলী, নিজাম উদ্দীন ও আবদুর রাজ্জাক বলেন, অন্যান্য বছরের তুলনায় নদী ও বিলে এবার দেশি প্রজাতির মাছ অনেক বেশি ধরা পড়ছে। হাটবাজারে মাছের আমদানি বেশি হওয়ায় দামও অনেক কমে গেছে। তারপরও প্রতিদিন একজন মানুষ ৫০০ থেকে ৭০০ টাকার মাছ বিক্রি করছে। এ বছরই মুক্ত জলাশয়ে দেখা মিলছে বিলুপ্তপ্রায় দেশি প্রজাতির মাছের।
নওগাঁ জেলা সদর থেকে প্রায় আট কিলোমিটার দক্ষিণে খাল-বিল, নদীবেষ্টিত উপজেলা রানীনগর। এই উপজেলার পশ্চিমে কাশিমপুর, মিরাট ও গোনা ইউনিয়নের কোল ঘেঁষে বয়ে গেছে ছোট যমুনা নদী। মিরাট ইউনিয়নে রয়েছে উন্মুক্ত জলাশয় বিল চৌর ও বিল মুনছুর এবং পারইল ইউনিয়নের কিছু অংশে রয়েছে ঐতিহাসিক রক্তদহ বিল। চলতি বছরে এ উপজেলায় দুই দফা বন্যায় নদী-খাল-বিলসহ পুকুর পানিতে ডুবে যায়। অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে পানি কমতে শুরু করে। পানি কমে আসার সঙ্গে সঙ্গে নদী ও বিলে ধরা পড়ছে দেশি জাতের প্রচুর মাছ।
উপজেলার মিরাট ইউনিয়নের আতাইকুলা, ধনপাড়া, মিরাট, বৈঠাখালি ও গোনা ইউনিয়নের ঘোষগ্রাম, পিরেরা, বেতগাড়ী, দুর্গাপুর এবং কাশিমপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, মৎস্যজীবীসহ স্থানীয় অন্য পেশার বিপুলসংখ্যক মানুষ মাছ শিকারে ব্যস্ত সময় কাটাচ্ছেন। বন্যায় ক্ষতির কারণে জমিতে তেমন কাজ না থাকায় কর্মহীন এসব মানুষ নদী ও খাল-বিলে মাছ ধরে প্রতিদিন ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত আয় করছেন। স্থানীয় বাসিন্দারা জানান, এবার নদী-খাল-বিলে দেশি জাতের প্রচুর মাছ ধরা পড়ছে। এর মধ্যে রয়েছে পুঁটি, টেংরা, গচি, চিংড়ি, শাটি, মলা, ঢেলা, চান্দা, বোয়াল, শোল, শিং, মাগুর, বাতাসি, রাইক ইত্যাদি।
উপজেলার কুজাইল বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি সেকেন্দার আলী বলেন, বর্তমানে কুজাইল বাজারে প্রচুর দেশি জাতের মাছ আমদানি হচ্ছে। স্থানীয় চাহিদা মিটিয়ে জেলা সদরসহ দেশের বিভিন্ন জেলায় এখান থেকে পাইকারেরা মাছ নিয়ে যাচ্ছেন।