রানীনগরে পাঁচ দিন ধরে ব্যবসায়ী নিখোঁজ
নওগাঁর রানীনগরে পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন ধান-চাল ব্যবসায়ী মুকুল বিশ্বাস (৫৫)। এ ঘটনায় মুকুল বিশ্বাসের ছেলে মিঠুন বিশ্বাস গত শুক্রবার রানীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার মিরাট ইউনিয়নের আতাইকুলা গ্রামের মুকুল বিশ্বাস উপজেলার কুজাইল বাজারে মের্সাস খান রাইস মিল ভাড়া নিয়ে প্রায় এক বছর ধরে ব্যবসা করে আসছিলেন। তিনি গত বৃহস্পতিবার বিকেলে তাঁর বাড়ি থেকে কুজাইল বাজারে ব্যবসাপ্রতিষ্ঠানে আসেন। তারপর আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা তাঁর ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তা বন্ধ পাচ্ছেন। সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তাঁর কোনো সন্ধান মেলেনি।
রানীনগর থানার ওসি আবদুল লতিফ জানান, ব্যবসায়ী মুকুল বিশ্বাস নিখোঁজের বিষয়ে তাঁর ছেলে মিঠুন বিশ্বাস থানায় একটি জিডি করেছেন। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে তাঁকে উদ্ধারের চেষ্টা করছে।