রানীনগরে বাড়িতে ডাকাতি, আহত ৩ আটক ৪
নওগাঁর রানীনগরের খট্টেশ্বর গ্রামে এক বাড়িতে গত শনিবার গভীর রাতে ডাকাতি হয়েছে। ডাকাতের হামলায় তিনজন আহত হন। ওই বাড়ি থেকে ডাকাতেরা ৩২ ভরি স্বর্ণালংকারসহ ১৮ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ চারজনকে আটক করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে একদল ডাকাত দরজা ভেঙে খট্টেশ্বর গ্রামের আবদুর রাজ্জাকের বাড়িতে ঢুকে সিন্দুক ও আলমারি ভেঙে নগদ দুই লাখ ১৬ হাজার টাকা ও ৩২ ভরি স্বর্ণালংকার লুট করে। ডাকাতের হামলায় আবদুর রাজ্জাক (৫৫), তাঁর স্ত্রী ফজিলা বিবি (৪৫) ও ছেলে আবদুর রউফ (২৮) আহত হন। একপর্যায়ে রাজ্জাকের আরেক ছেলে তোফাজ্জল জানালা ভেঙে বাইরে এসে চিৎকার শুরু করলে এলাকাবাসী সেখানে ছুটে আসেন। এ সময় ডাকাতেরা ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় গিয়ে একটি ছুরিসহ চারজনকে আটক করে।