রানীনগরে বিনা চাষে রসুন আবাদ
দেশের বিভিন্ন স্থানে বিল এলাকায় বিনা চাষে রসুনের আবাদ বেশ সুপরিচিত। কম খরচে লাভ বেশি হওয়ায় কৃষকদের মধ্যে এ পদ্ধতিতে চাষাবাদ জনপ্রিয় হয়ে উঠেছে। নওগাঁর রানীনগর উপজেলার আতাইকুলা গ্রামেও বিনা চাষে রসুন চাষ শুরু হয়েছে।
ওই গ্রামের কৃষক মাহফুজুর রহমান এ বছর তিন বিঘা জমিতে বিনা চাষে রসুন আবাদ করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় রসুনের আবাদ তেমন হয় না। অনেকে বছরে পরিবারে যে পরিমাণ রসুন লাগবে, তেমন হিসাব করে এর আবাদ করেন। মাহফুজুর এলাকায় বাণিজ্যিকভাবে রসুনের চাষ করেছেন। তাঁকে দেখে অনেকেই বিনা চাষে রসুন আবাদে উৎসাহী হচ্ছেন।
মাহফুজুর রহমান গত বছর নাটোরের হালতি বিল এলাকায় আত্মীয়ের বাড়িতে গিয়ে বিনা চাষে রসুনের আবাদ দেখেছিলেন। তখন তিনি এ পদ্ধতিতে রসুন চাষের পরিকল্পনা করেন।
এলাকার অনেক কৃষকই বিনা চাষে রসুন আবাদে আগ্রহী হচ্ছেন। এ বিষয়ে তাঁরা মাহফুজুরের কাছে খোঁজখবর নিচ্ছেন। মাহফুজুর বলেন, ‘আশা করি, আমার দেখাদেখি আরও অনেকেই এ লাভজনক পদ্ধতিতে রসুনের আবাদ শুরু করবেন।’
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এস এম গোলাম সাওয়ার বলেন, মূলত দেশের দক্ষিণাঞ্চলের বিল এলাকায় বিনা চাষে আবাদ করা হয়। এতে কম পরিশ্রম ও খরচে দ্বিগুণ লাভ করা সম্ভব। উপজেলায় এ পদ্ধতিতে রসুন চাষের কথা আগে শোনেননি। মাহফুজুরের উদ্যোগ প্রশংসনীয়। কৃষি অফিস তাঁকে এ বিষয়ে সার্বিক সহযোগিতা দিয়ে আসছে।