রানীনগরে শতাধিক চালকল বন্ধ, বেকার প্রায় ২ হাজার শ্রমিক
নওগাঁর রানীনগর উপজেলার ১৩৪টি চালকলের মধ্যে প্রায় ১২৬টিই বন্ধ হয়ে গেছে। চাল আমদানি, সরকারিভাবে খোলা বাজারে চাল বিক্রি, দেশে উৎপাদিত চালের বিক্রয়মূল্য কম থাকা, দফায় দফায় দাম কমে যাওয়াসহ নানা কারণে ধান-চালের ব্যবসায় মন্দা তৈরি হওয়ায় চালকলগুলো বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে। এতে বেকার হয়ে পড়েছেন চালকলের প্রায় দুই হাজার শ্রমিক।
রানীনগর উপজেলা খাদ্য দপ্তর সূত্রে জানা গেছে, নব্বইয়ের দশকের শুরুতে রানীনগর সদর, কুজাইল বাজার, বেতগাড়ী, ত্রিমোহনী, কুবড়াতলী, কৃষ্ণপুর ও আবাদপুকুর এলাকায় চালকলের ব্যবসা শুরু হয়। বর্তমানে উপজেলায় ১৩৪টি লাইসেন্সভুক্ত চালকল আছে। এসব চালকলের উৎপাদিত চাল উপজেলার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যেত। ভালো মুনাফা হওয়ায় উপজেলার বহু মানুষই চাল ব্যবসার সঙ্গে সঙ্গে চালকল ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন।
পাশাপাশি চালকলগুলোতে শ্রমিক হিসেবে এলাকার দরিদ্র নারী-পুরুষদের কর্মসংস্থান হতো। পরে এলাকায় অটোমেটিক চালকল গড়ে ওঠায় প্রতিযোগিতায় টিকতে না পেরে ধীরে ধীরে পুঁজি হারিয়ে বন্ধ হয়ে যেতে থাকে সাধারণ চালকলগুলো। কম পুঁজি নিয়ে সাধারণ মিলমালিকেরা ব্যবসায় টিকে থাকতে গিয়ে হিমশিম খেতে শুরু করেন। ব্যাংকগুলো থেকে ঋণ সহায়তা পাওয়ার ক্ষেত্রেও অটোমেটিক মিলমালিকদের চেয়ে অনেক পিছিয়ে পড়েন সাধারণ মিলমালিকেরা।
চলতি ইরি-বোরো মৌসুমে উপজেলার আটটি ইউনিয়নে ১৯ হাজার হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। মেসার্স সাখাওয়াত হোসেন চালকলের মালিক মোফাজ্জল হোসেন বলেন, ‘এ বছর আমার বেশ কিছু চাল অবিক্রীত রয়েছে। বাজারে চালের দাম কমে যাওয়ায় লোকসান গুনতে হবে। সাধারণ চালকলের উৎপাদিত চাল এই মুহূর্তে বাজারে নেই বললেই চলে।’ মোফাজ্জল হোসেন আরও বলেন, ‘বেসরকারি ব্যাংকগুলো আমাদের মতো ছোট ব্যবসায়ীদের ঋণ দিতে খুব বেশি আগ্রহী না। অপরদিকে অটোমেটিক মিলমালিকদের বেশি ঋণ দেওয়ায় মৌসুমের শুরুতেই তাঁদের পক্ষে প্রচুর পরিমাণ ধান সংগ্রহ করা সম্ভব হয়। কিন্তু আমরা টাকার অভাবে ধান সংগ্রহ করতে না পারায় বাজার ওঠানামার কবলে পড়ে লোকসান গুনতে হয়। ফলে একপর্যায়ে ধানের অভাবে চালকল বন্ধই হয়ে যায়।’
রানীনগর চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক শীতানাথ ঘোষ বলেন, বর্তমান ধানের বাজারমূল্যের সঙ্গে চালের দাম কম থাকায় প্রতি মণ চালে প্রায় ১০০ টাকা করে লোকসান গুনতে হচ্ছে। মাস দুয়েক আগেও জিরা জাতের চাল ১৩৫০ টাকা এবং স্বর্ণা-৫ জাতের চাল ৯১০ টাকা মণ দরে বিক্রি হলেও বর্তমানে জিরা জাতের চাল ১২২৫ এবং স্বর্ণা-৫ জাতের চাল ৮২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে করে সাধারণ মিলমালিকদের লোকসান গুনতে হচ্ছে।
চালকলশ্রমিক আজাহার হোসেন বলেন, এলাকার সাধারণ চালকলগুলো বন্ধ হয়ে যাওয়ায় তাঁর মতো অনেক শ্রমিক পথে বসেছেন। তিনি বলেন, এলাকায় এ সময় অন্য কাজ না থাকায় চালকলগুলোতে শ্রমিক হিসেবে কাজ করা শত শত শ্রমিকের পরিবার মানবেতর জীবন যাপন করছে।