রানীনগরে সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর রাতারাতি দখল!
নওগাঁর রানীনগর উপজেলার বেলঘড়িয়া সরকারি আশ্রয়ণ প্রকল্পের ২০টি ঘর রাতারাতি দখল হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার আশ্রয়ণ প্রকল্পের কাজ শেষে সেনাসদস্যরা ইউএনওর কাছে ঘরগুলোর চাবি হস্তান্তর করেন। পরদিন শুক্রবার রাতেই দখলের ঘটনাটি ঘটে। গতকাল সোমবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘরগুলো দখলমুক্ত করার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
এলাকাবাসীর অভিযোগে জানা যায়, উপজেলার কালীগ্রাম ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামের একটি খাসপুকুরের পাড়ে আশ্রয়ণ প্রকল্পের ২০টি ঘর নির্মাণ করা হয়। ২০টি আশ্রয়হীন পরিবারকে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই শেষে ঘরগুলো বরাদ্দ দেওয়ার কথা। ঘর বরাদ্দ দেওয়ার জন্য এলাকায় প্রচারণার মাধ্যমে প্রকৃত গৃহহীনদের ঘর বরাদ্দ কমিটির সভাপতি ইউএনওর কাছে আবেদন করার বিধান রয়েছে। কমিটি আবেদন যাচাই-বাছাই শেষে প্রকৃত গৃহহীনদের ঘরগুলো লিখিতভাবে বরাদ্দ দেবে। কিন্তু যাচাই-বাছাই ও বরাদ্দ ছাড়াই কালীগ্রাম ইউপির চেয়ারম্যান সিরাজুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য এবাদুল হক তাঁদের পছন্দের লোকজনকেরাতারাতি আশ্রয়ণ প্রকল্পের ২০টি ঘরে তুলে দিয়ে দখল করে নিয়েছেন। আর্থিক লেনদেনের মাধ্যমে অবৈধভাবে ২০টি ঘরে লোকজন তুলে দেওয়া হয়েছে বলে কয়েকজন গ্রামবাসী অভিযোগে করেন।
গত রোববার সরেজমিনে দেখা যায়, আশ্রয়ণ প্রকল্পের ২০টি ঘরেই লোকজন বসবাস করছেন। সেখানে বসবাসকারী আলম হোসেন, ছাবের আলী, রিমা বেগমসহ অনেকেই বলেন, স্থানীয় ইউপি সদস্য এবাদুল হক ও কালীগ্রাম ইউপির চেয়ারম্যান সিরাজুল ইসলামের সহযোগিতায় তাঁরা ঘরগুলোয় উঠেছেন। তাঁদের কাছে ঘরের কোনো সরকারি কাগজপত্র নেই। এসব বিষয় স্থানীয় ওয়ার্ডের মেম্বার ও চেয়ারম্যান জানেন। তাঁরা কিছু জানেন না। তাঁদের আসতে বলায় এসেছেন। মেম্বার তাঁদের ঘরের তালা খুলে দিয়েছেন। তাঁরা আসবাব নিয়ে ঘরগুলোয় উঠেছেন।
এ বিষয়ে উপজেলার কালীগ্রাম ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য এবাদুল হক বলেন, ‘আমাকে কালীগ্রাম ইউপির চেয়ারম্যান সিরাজুল ইসলাম তাঁদের আশ্রয়ণ প্রকল্পের ঘরে উঠিয়ে দেওয়ার আদেশ দিলে আমি তাঁদের সহযোগিতা করি। কাগজপত্রের বিষয়ে আমি কোনো কিছু জানি না। সব জানেন ইউপির চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।’
ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, ‘বেলঘড়িয়া আশ্রয়ণ প্রকল্পের ঘরের কোনো কিছু যাতে চুরি না হয়, সে জন্যউপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে পাঁচ-ছয়জনকে পাহারা দেওয়ার জন্য ঘরে তুলে দিতে বললে আমি তাঁদের তুলে দিই। বাকি ঘরগুলোতে আবেদনপত্রের আলোকে লোকজন তুলে দেওয়া হয়েছে। আবেদনপত্রগুলো প্রক্রিয়াধীন আছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া বিনতে তাবিব গতকাল মুঠোফোনে বলেন, ‘বেলঘড়িয়া আশ্রয়ণ প্রকল্পের কাজ শেষ হয়েছে। গত বৃহস্পতিবার সেনাবাহিনী আমাদের ঘরগুলো হস্তান্তর করে দিয়েছে। এখনো ঘরগুলো কাউকে বরাদ্দ দেওয়া হয়নি। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে শুধুমাত্র ঘরগুলো পাহারা দেওয়ার ব্যবস্থা নিতে বলা হয়েছে। বর্তমানে আমি ঢাকায় আছি। এলাকায় গিয়ে পুরো বিষয়টি দেখব।’