রানীনগরে সাতটি সরকারি দপ্তরের তালা ভেঙে তছনছ
নওগাঁর রানীনগরে সাতটি সরকারি দপ্তরের তালা ভেঙে কাগজপত্র তছনছ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বিষয়টি সবার নজরে আসে। যোগাযোগ করা হলে রানীনগরের ইউএনও অতীন কুমার কুণ্ডু বলেন, এটা মাদকাসক্তদের কাজ। তিনি জানান, কোনো কিছু খোয়া গেছে কি না, সে ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তর কর্মকর্তাদের কাছ থেকে এখনো কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, দুর্বৃত্তরা সোমবার দিবাগত রাতে উপজেলা কমপ্লেক্সের ভেতরে থাকা উপজেলা ভূমি কর্মকর্তার দপ্তর, বন বিভাগ, যুব উন্নয়ন কর্মকর্তার দপ্তর, সমবায় কর্মকর্তার দপ্তর, সমাজসেবা কর্মকর্তার দপ্তর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দপ্তর ও পল্লী উন্নয়ন বোর্ড কর্মকর্তার দপ্তরের ১৩টি ঘরের দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে। তারা বিভিন্ন কক্ষে থাকা স্টিলের আলমারি, ফাইল কেবিনেট, কাঠের আলমারি ও টেবিলের ড্রয়ারের তালা ভেঙে বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ফাইল ও কাগজপত্র তছনছ করে। তবে তারা উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরের দরজার তালা ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরের নৈশপ্রহরী আজাদ জানান, সোমবার রাত সাড়ে তিনটা পর্যন্ত পাহারা দিয়ে তিনি উপজেলা কমপ্লেক্সে তাঁর জন্য নির্ধারিত কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়েন। সকাল সাতটার দিকে ঘুম থেকে উঠে দেখেন, তাঁর কক্ষ বাইরে থেকে তালা লাগানো। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে মুঠোফোনে তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইউএনওকে জানালে তাঁরা এসে তালা ভেঙে তাঁকে বের করেন।ওসি শাহরিয়ার জানান, তালা ভেঙে কাগজপত্র তছনছের ব্যাপারে গতকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত কোনো মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। আপাতত তিনি নিজে বাদী হয়ে থানায় একটি জিডি করেছেন এবং ঘটনা তদন্ত করছেন।