রানীনগরে ১৪ দিনেও নিখোঁজ ব্যবসায়ীর সন্ধান মেলেনি
নওগাঁর রানীনগরে নিখোঁজের ১৪ দিন পরও সন্ধান মেলেনি ধান-চাল ব্যবসায়ী মুকুল বিশ্বাসের।
পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার মিরাট ইউনিয়নের আতাইকুলা গ্রামের ধান-চাল ব্যবসায়ী মুকুল বিশ্বাস (৫৫) কুজাইল বাজারে একটি রাইস মিল ভাড়া নিয়ে প্রায় এক বছর ধরে ব্যবসা করে আসছিলেন। ৩ ডিসেম্বর বিকেলে বাড়ি থেকে কুজাইল বাজারে ব্যবসাপ্রতিষ্ঠানে যাওয়ার পর তিনি আর বাড়ি ফেরেননি।
মুকুল বিশ্বাসের ছেলে মিঠুন বিশ্বাস জানান, ঘটনার পর থেকে তিনি তাঁর বাবার মুঠোফোনে একাধিকবার ফোন করেন। কিন্তু মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও বাবার সন্ধান পাননি। এ বিষয়ে ৪ ডিসেম্বর রাতে তিনি রানীনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ খান জানান, মুকুল বিশ্বাসের ব্যাপারে পুলিশ কাজ করছে। তাঁকে উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।