নওগাঁর রানীনগর উপজেলার ঘোষগ্রামে পাল্টাপাল্টি সমাবেশ আহ্বানকে কেন্দ্র করে ঘোষগ্রাম উচ্চবিদ্যালয়ের চারপাশে এক বর্গকিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহরিয়ার খান জানান, ঘোষগ্রাম উচ্চবিদ্যালয়ের মাঠে আজ (গতকাল বুধবার) বিকাল চারটায় রানীনগর উপজেলার বেতগাড়ী ইউনিয়ন যুবদল ও শ্রমিক লীগ একই সময় পাল্টাপাল্টি সমাবেশের আহ্বান করে। এতে ওই এলাকায় পরস্পরবিরোধী দুটি রাজনৈতিক দলের নেতা-কর্মী, ও সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। প্রাথমিক অবস্থায় ঘোষগ্রাম উচ্চবিদ্যালয়ের মাঠে পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে। তবে যেকোনো সময় তা সহিংসতায় রূপ নিতে পারে, এ আশঙ্কায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে গতকাল দুপুর একটা থেকে রাত ১২টা পর্যন্ত ঘোষগ্রাম উচ্চবিদ্যালয়ের মাঠসহ ওই বিদ্যালয়ের চারদিকে এক বর্গকিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ যেকোনো ধরনের সহিংসতা এড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। রানীনগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন জানান, উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে তাঁরা কয়েক দিন আগে ঘোষগ্রাম উচ্চবিদ্যালয়ের মাঠে যুবদলের কাউন্সিল করার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু হঠাৎ গত মঙ্গলবার রাতে বেতগাড়ি ইউনিয়ন শ্রমিক লীগের পক্ষ থেকে একই মাঠে পাল্টা সমাবেশের ঘোষণা দিয়ে তাঁদের কর্মসূচি বাধাগ্রস্ত করা হয়।