রানীনগরের বিভিন্ন সড়ক বেহাল চলাচলে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কার না করায় নওগাঁর রানীনগর উপজেলা সদরের বিভিন্ন সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে উপজেলা সদরের বেশির ভাগ সড়কে জলবদ্ধতার সৃষ্টি হয়। এ কারণে লোকজনকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চকমনু পর্যন্ত প্রায় দুই কিলোমিটার কাচা রাস্তায় জনসাধারণকে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। রানীনগর থানার সামনের রাস্তায় গর্ত তৈরি হয়েছে। রানীনগর পাইলট উচ্চবিদ্যালয়, সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তার অবস্থাও বেহাল। উপজেলা সদরের গুরুত্বপূর্ণ কয়েকটি রাস্তার পাশে নালা না থাকায় একটু বৃষ্টিতে এসব রাস্তায় পানি জমে। এতে এসব সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রানীনগর বাজার বণিক সমিতির সভাপতি মনোয়ার হোসেন জানান, কাদার কারণে বাজার-মসজিদ-রেলস্টেশন-বিজয়ের মোড় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জেলা পরিষদ মিলনায়তনের সামনের রাস্তায় সামান্য বৃষ্টিতেই হাঁটুসম পানি জমায় পথচারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। উপজেলা প্রকৌশলী সরদার মো. সাজ্জাদ কবীর জানান, বর্তমানে এলজিইডির তহবিলে কোনো অর্থ নেই। আগামীতে অর্থ বরাদ্দ পেলে রাস্তাগুলোর সংস্কার করা হবে। উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল বলেন, ‘রানীনগর উপজেলাকে একটি মডেল হিসেবে তৈরি করার পরিকল্পনা রয়েছে। এ জন্য কিছু কিছু কাজ এখনো বাকি আছে। পর্যায়ক্রমে এলাকার রাস্তাঘাটগুলো আরও উন্নত করা হবে। কিন্তু বর্তমানে অর্থস্বল্পতার কারণে তা সম্ভব হচ্ছে না। আগামীতে অর্থ বরাদ্দ পেলে রানীনগরের সব রাস্তা সংস্কার এবং রাস্তার পাশ দিয়ে পানি নিষ্কাশনের জন্য নালা নির্মাণকাজ শুরু করা হবে।