রানীনগরের ভিজিডি কার্ডধারীরা দুই মাসের গম পাননি
নওগাঁর রানীনগর উপজেলার এক হাজার ৬৫২ জন ভিজিডি কার্ডধারী চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের গম পাননি। নির্ধারিত সময়ে তালিকা না পাঠানোর কারণে তাঁদের জন্য গম বরাদ্দ আসেনি বলে অভিযোগ পাওয়া গেছে।উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয় থেকে জানা গেছে, উপজেলার আটটি ইউনিয়নে মোট এক হাজার ৬৫২ জন ভিজিডি কার্ডধারী রয়েছেন। সংশ্লিষ্ট ইউপির চেয়ারম্যানরা দাবি করেছেন, ২০১৩ সালের ভিজিডি কার্ডধারীদের তালিকাসহ প্রয়োজনীয় কাগজপত্র সময়মতো জমা দিলেও জানুয়ারি ও ফেব্রয়ারি মাসের বরাদ্দ না এসে শুধু মার্চ মাসের বরাদ্দ এসেছে এবং সেগুলো বিতরণ করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুল ইসলাম পাটোয়ারী বলেন, তাঁরা জনপ্রতিনিধিদের দেওয়া তালিকা পেয়েছেন অনেক দেরিতে। এ ছাড়া তদন্ত করতে কিছুটা সময় লেগেছে। এ কারণে দুই মাসের গম বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি। তবে ওই দুই মাসের বরাদ্দ দেওয়ার ব্যাপারে তৎপরতা অব্যাহত রয়েছে।