রানীর অবশেষে ঠাঁই হলো স্বামীর বাড়িতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে স্বামীর ঘরে ঠাঁই হলো রানী আক্তারের। তাঁর বাড়ি শরীয়তপুরের গোঁসাইরহাট উপজেলায়। ভালোবেসে তিনি বিয়ে করেছিলেন পিরোজপুর শহরের মাছিমপুর এলাকার অহিদুজ্জামান সুমনকে। অহিদুজ্জামান কিছুদিন রানীকে নিয়ে ঢাকার একটি এলাকায় বসবাস করে পরে সটকে পড়েন।জানা গেছে, পিরোজপুর শহরের মাছিমপুর এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে অহিদুজ্জামানের সঙ্গে রানীর প্রথম পরিচয় হয় ফোনে। এ পরিচয় গড়ায় বিয়ে পর্যন্ত। এরপর তাঁরা ঢাকায় একত্রে বসবাস করতে থাকেন। বিষয়টি জানাজানি হওয়ার পর অহিদুজ্জামানের মা অসুস্থ—এ রকম খবর দিয়ে তাঁকে পিরোজপুরে নিয়ে আসেন তাঁর বাবা।এরপর অহিদুজ্জামান যোগাযোগ বন্ধ করে দেন রানীর সঙ্গে। স্বামীর খোঁজে ৩ মার্চ রানী পিরোজপুরে আসেন। খবর পেয়ে তাঁর স্বামী গা ঢাকা দেন। ১২ মার্চ বিকেলে রানী গিয়ে ওঠেন তাঁর স্বামীর মাছিমপুর সড়কের বাসায়। খবর পেয়ে ওই বাড়িতে জড়ো হন স্থানীয় জনপ্রতিনিধি, সংবাদকর্মী ও পুলিশের সদস্যরা। রাতে আলাউদ্দিন মিয়াকে থানায় নিয়ে আসা হয়।আলাউদ্দিন মিয়া ও তাঁর স্ত্রী (অহিদুজ্জামানের মা) রানী আক্তারকে পুত্রবধূ হিসেবে মেনে নিয়ে থানা থেকে বাড়ি নিয়ে যান। রানী জানান, আট মাস আগে ঢাকার ধানমন্ডি এলাকার একটি কাজি অফিসে তাঁদের বিয়ে রেজিস্ট্রি হয়। এরপর তাঁরা একত্রে বসবাস করতে থাকেন। তাঁর গর্ভে অহিদুজ্জামানের সন্তান। তিনি বলেন, ‘অনেক পথ ঘুরেছি, তারপর স্বামীর বাড়িতে যেতে পারছি, এটা আনন্দের।’পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাহিদ জানান, রানীকে পুত্রবধূ হিসেবে স্বীকৃতি দিয়ে তাঁর শ্বশুর-শাশুড়ি থানা থেকে নিয়ে গেছেন।