রানীরদিঘিতে ডুবে কলেজছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা নগরের কান্দিরপাড়ের রানীরদিঘিতে সাঁতার কাটতে গিয়ে আল-আমিন (১৬) নামের এক কলেজছাত্র মারা গেছে। গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
আল-আমিন নগরের ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার ছাত্র। সে নগরের মুরাদপুর এলাকার হুমায়ুন কবিরের ছেলে। আল-আমিন দুই ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয়। তার বাবা পদ্মা অয়েল কোম্পানির একজন কর্মকর্তা। রাতেই তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আল-আমিনের সহপাঠীরা জানায়, গতকাল বেলা দুইটায় সে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করার পর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের উচ্চমাধ্যমিক শাখাসংলগ্ন রানীরদিঘিতে সাঁতার কাটতে যায়। সাঁতার কাটা শেষে বন্ধুরা দিঘি থেকে উঠে গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। এরপর বন্ধুরা বিষয়টি তার পরিবারকে জানায়। ডুবুরি ও বন্ধুরা অনেক খোঁজাখুঁজির পর দিঘি থেকে তাকে উদ্ধার করে। এরপর তাকে দ্রুত কুমিল্লা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুমিল্লা জেলা সিভিল সার্জন মো. মজিবুর রহমান বলেন, ‘রানীরদিঘি থেকে উদ্ধারের পর ওই শিক্ষার্থীকে মৃত অবস্থায় কুমিল্লা জেনারেল হাসপাতালে আনা হয়েছে। পরে তার স্বজনেরা ওই শিক্ষার্থীকে কুমিল্লা মেডিকেল সেন্টারে নিয়ে যায়।’