রানীরহাটের ময়লায় ইছামতী ভরাট!
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের রানীরহাটের ময়লা-আবর্জনা ফেলে ভরাট করা হচ্ছে ইছামতী নদী। ভরাট অংশ দখল করে দোকান নির্মাণ করছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। এতে নষ্ট হচ্ছে হাটের পরিবেশ। এলাকাবাসী জানান, রানীরহাটে তিন হাজারের বেশি দোকান রয়েছে। প্রতিদিন ১০ হাজার মানুষ পণ্য বেচাকেনা করে এই হাটে। শনি ও মঙ্গলবার হাট বসে। এতে প্রচুর ময়লা-আবর্জনা জমে, যা কুড়িয়ে ফেলা হয় ইছামতীতে।হাটের ঝাড়ুদার অনিল বিশ্বাস জানান, হাট থেকে প্রতিদিন এক হাজার কেজির বেশি ময়লা-আবর্জনা ফেলা হয় ইছামতিতে। তিন-চার বছর ধরে ময়লা-আবর্জনা ফেলায় নদীর পাড়ের বিরাট অংশ ভরাট হয়ে গেছে।অনিল বিশ্বাস আরও জানান, রানীরহাটে ময়লা-আবর্জনা রাখার ডাস্টবিন নেই। এ কারণে ইছামতী নদীতে ময়লা ফেলা ছাড়া কোনো উপায় নেই।ব্যবসায়ীরা জানান, ময়লা-আবর্জনার জন্য ডাস্টবিন তৈরির চেয়ে নদীতে ফেলার পেছনে প্রভাবশালী ব্যক্তিদের চাপ রয়েছে। নদী ভরাটের জায়গায় তাঁরা দোকানপাট নির্মাণ করছেন। ইউপি চেয়ারম্যান-সদস্যরাও এতে জড়িত রয়েছেন।পাউবোর রাঙ্গুনিয়া উপজেলা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন বলেন, নদীতে ময়লা-আবর্জনা ফেলার নিয়ম নেই। এতে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়। নদী ভরাট ও দোকান নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজানগর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন মোস্তফা বলেন, ডাস্টবিন তৈরির অর্থ ইউনিয়ন পরিষদের নেই। হাট ইজারার অর্থও নিয়ে যায় উপজেলা পরিষদ। অথচ এই হাটে ডাস্টবিন নির্মাণের উদ্যোগ নেই উপজেলা পরিষদের। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী বলেন, এত ময়লা-আবর্জনা ইছামতিতে ফেলা হয়, সেটা জানা ছিল না। চেয়ারম্যানের সঙ্গে আলাপ করে সমস্যাটির সমাধান করা হবে।