রানীশংকৈল ও সৈয়দপুরে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন
স্কুলজীবন থেকেই শিক্ষার্থীদের মধ্যে গণতন্ত্র চর্চার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন হয়েছে। এদিকে নীলফামারীর সৈয়দপুরের ৭৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন হয়েছে।
রানীশংকৈলে প্রার্থী মনোনয়ন, নির্বাচন পরিচালনা, ভোট গ্রহণ ও ফল ঘোষণার পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করে শিক্ষার্থীরা। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যালয়ের ৪৯০ জন শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে ভোট দেয়।
রানীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন বলেন, নির্বাচনে ৩৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এ নির্বাচন শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চেতনাবোধ জাগ্রত করবে। তারা ভবিষ্যতে সৎ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে সৈয়দপুরের কয়েকটি স্কুল ঘুরে দেখা গেছে, ভোট দিতে শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়েছে। ভোট গ্রহণ শুরু করে সব কার্যক্রম পরিচালনা করছে খুদে শিক্ষার্থীরা। সকাল আটটায় শুরু হওয়া নির্বাচন চলে বেলা দুইটা পর্যন্ত। তারপর গণনা শেষে জানিয়ে দেওয়া হয় ফলাফল।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবিব বলেন, ৭৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন হয়েছে। এ কারণে নির্বাচনী এলাকায় সাজ সাজ আমেজ বিরাজ করে। খুদে শিক্ষার্থীদের গণতন্ত্র চর্চার এই অভূতপূর্ব দৃশ্য বড়দের অনুকরণীয় হবে।