রানীশংকৈল পাইলট স্কুলের শতবর্ষ পূর্তি
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পাইলট উচ্চবিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব গতকাল মঙ্গলবার উদ্যাপন করা হয়েছে। বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান হাজারো শিক্ষার্থী এ উৎসবে হাজির ছিলেন।
গতকাল বেলা ১১টায় স্কুল থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। রানীশংকৈল পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার বিদ্যালয় চত্বরে এসে শোভাযাত্রা শেষ হয়। এ সময় বেলুন ও পায়রা অবমুক্ত করে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. সইদুল হক। মন্ত্রী ছাড়াও বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সেলিনা জাহান, ঠাকুরগাঁও-২ ও ৩ আসনের সাংসদ যথাক্রমে মো. দবিরুল ইসলাম ও মো. ইয়াসীন আলী।
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আলাউদ্দিন মিয়া, বেসরকারি সংস্থা ইএসডিওর নির্বাহী পরিচালক মো. শহীদ-উজ-জামান, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মুকেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার ফয়সাল মাহমুদসহ প্রাক্তন ছাত্রছাত্রীরা। বিকেলে স্মৃতিচারণা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।