রানীশংকৈল পৌরসভা নির্বাচন স্থগিত হলো
সীমানা জটিলতার কারণে ৯ ডিসেম্বর ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌরসভা নির্বাচন স্থগিত করেন হাইকোর্ট। আদালতের এ আদেশের ১৪ দিন পর নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
গতকাল বুধবার দুপুরে ইসির পক্ষে সহকারী সচিব রাজীব আহসান এক চিঠিতে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত জানান।
চিঠিতে উল্লেখ করা হয়, হাইকোর্ট বিভাগে দায়ের করা রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে ৯ ডিসেম্বর এক আদেশে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌরসভার নির্বাচন আদেশ পাওয়ার তারিখ থেকে ছয় মাসের জন্য স্থগিত করেন আদালত। হাইকোর্টের আদেশানুযায়ী নির্বাচন কমিশন ৩০ তারিখের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা খন্দকার নাহিদ হাসান বলেন, নির্বাচন কমিশন থেকে চিঠি পাওয়ার পর ভোট গ্রহণের কার্যক্রম স্থগিত করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
২০০৪ সালে পৌরসভা গঠনের পর এই পৌরসভার আয়তন ছিল ৫ দশমিক ১২ বর্গকিলোমিটার। ২০১৪ সালে তা বেড়ে ৫ দশমিক ৪৩ বর্গকিলোমিটার করা হয়। এর মধ্যে নতুন ৩৮৪টি হোল্ডিং যোগ হয়। নির্বাচনের গেজেটে বর্ধিত অংশের ভোটারদের বাদ দেওয়া হয়। এ ঘটনায় রানীশংকৈল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শরীফুল ইসলাম সীমানা নির্ধারণ ও তা গেজেট আকারে প্রকাশ ছাড়াই নির্বাচনের তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন।
৮ ও ৯ ডিসেম্বর ওই আবেদনের শুনানি হয়। শুনানি শেষে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন। এ ছাড়া সীমানা নির্ধারণ ও তা গেজেট আকারে প্রকাশ ছাড়াই তফসিল ঘোষণা কেন বেআইনি হবে না—তা রুলে জানতে চেয়েছেন হাইকোর্ট। দুই সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, প্রধান নির্বাচন কমিশনার, ঠাকুরগাঁও জেলা প্রশাসককে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে।