উপজেলা নির্বাচনে দলের একক প্রার্থীকে সমর্থন দেওয়ার জন্য দলীয় প্রধানের নির্দেশনা থাকলেও ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় আওয়ামী লীগের একাধিক নেতা নির্বাচন করছেন। তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নিজে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়ে সভাপতিকে এককভাবে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন। রানীশংকৈল উপজেলায় ২৭ ফেব্রুয়ারি ভোট গ্রহণ হবে।
আওয়ামী লীগ সূত্রে জানা যায়, উপজেলা নির্বাচনে বিএনপি-জামায়াত জোটগতভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ। দলীয় সভানেত্রী দেশের সব জেলা ও উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের কাছে চিঠি দিয়ে একক প্রার্থী দেওয়ার নির্দেশ দেন।
নির্দেশনা পেয়ে গত ৩১ জানুয়ারি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেনসহ জেলা কমিটির নেতারা রানীশংকৈলের তৃণমূল নেতাদের সঙ্গে আলোচনা করে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মো. সইদুল হক, ভাইস চেয়ারম্যান পদে মো. আইয়ুব আলী ও সেলিনা জাহানকে সমর্থন দেন। কিন্তু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবদুল কাদের ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি মো. শাহরিয়ার আজম ওই সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. বাবর আলী, দিগেন্দ্রনাথ রায় ও মো. দবিরুল ইসলাম। অন্যদিকে চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সভাপতি আইনুল হক ও সাধারণ সম্পাদক আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের মিজানুর রহমান মনোনয়নপত্র জমা দেন।
চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত একক প্রার্থী রাখতে কেন্দ্রের নির্দেশে আতাউর রহমান প্রার্থিতা প্রত্যাহার করে নেন গত মঙ্গলবার। তিনি আইনুল হককে সমর্থন দেন। কিন্তু চেয়ারম্যান পদে আওয়ামী লীগের অন্য দুই ও ভাইস চেয়ারম্যান পদে তিনজনের কেউই প্রার্থিতা প্রত্যাহার করেননি। ভাইস চেয়ারম্যান পদেও বিএনপি সমর্থিত একক প্রার্থী রয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক হোসেনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের এক কর্মী বলেন, দলীয় প্রধানের নির্দেশ কেউ মানছেন না। তাঁকে অসম্মান করে একটি পদে তিন-চারজন প্রার্থী হয়েছেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান জানান, ব্যক্তির থেকে দল বড়। তাই তিনি প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।
মো. আবদুল কাদের বলেন, ‘এটি কোনো দলীয় নির্বাচন নয়। কয়েক মাস ধরে আমি গ্রামে গ্রামে গিয়ে গণসংযোগ করে যাচ্ছি। তাই যে সিদ্ধান্তই হোক না কেন, আমি ভোটের ময়দানে থাকব।’
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেন বলেন, দলের সিদ্ধান্তের বাইরে যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তা ঢাকায় অনুষ্ঠিত সভা শেষে জানা যাবে। এখন তিনি ঢাকায় অবস্থান করছেন।