রানীশংকৈলে আ.লীগের বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার জেলা আওয়ামী লীগের এক সভায় তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
দলীয় সূত্রে জানা গেছে, ২৭ ফেব্রুয়ারি রানীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে আওয়ামী লীগের তৃণমূল থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. সইদুল হককে সমর্থন দেওয়া হয়। কিন্তু আবদুল কাদের ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি শাহরিয়ার আজম তৃণমূলের কাছে সমর্থন না চেয়ে ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় কেন্দ্রের নির্দেশে গতকাল সকালে জেলা আওয়ামী লীগের এক সভায় কাদেরকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে শাহরিয়ার আজমকে বহিষ্কার করার সুপারিশ করে কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আবদুল কাদের বলেন, ‘এটি স্থানীয় সরকার নির্বাচন, কোনো দলীয় নির্বাচন নয়। দলের নেতা-কর্মী ও এলাকার সাধারণ মানুষ আমাকে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চান।’