জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার দক্ষিণ বাঁশবাড়ি গ্রামের একটি বাড়িতে হামলা ও লুটপাট চালিয়েছে। এ সময় ওই বাড়ির তিনটি ঘরে অগ্নিসংযোগ করা হয়। এতে ১০ জন আহত হয়েছে। গতকাল সোমবার ভোরে এ ঘটনা ঘটে। রানীশংকৈল থানা ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা গেছে, রানীশংকৈল উপজেলার দক্ষিণ বাঁশবাড়ি গ্রামের মৃত আলী মোহাম্মদের দুই ছেলে ওমর আলী ও মো. সলিমুল্লাহর মৃত্যুর পর তিন একর ৩০ শতক জমি রেখে যান। দুই পরিবারের মধ্যে পৈতৃক এ জমি ভোগদখল নিয়ে বিরোধ শুরু হয়। বিরোধের জেরে সোমবার ভোর তিনটায় ওমর আলীর ছেলে আবদুল্লাহ, তাঁর মামা সিদ্দিক ও ভগ্নিপতি আনিসুরের নেতৃত্বে ৪০-৫০ জন মুখে কাপড় বেঁধে সলিমুল্লাহর ছেলে মো. মুসার বাড়িতে হামলা চালায়। এ সময় টাকা ও স্বর্ণালংকার দিতে অস্বীকার করায় মুসার মা জোলেখা বেগম, রূপালী, রোকেয়া ও পিয়ারুলসহ ১০ জনকে হামলাকারী ব্যক্তিরা প্রচণ্ড মারধর করে। সে সময় হামলাকারী ব্যক্তিরা বাড়ির লোকজনের কাছ থেকে নগদ টাকা ও অলংকার ছিনিয়ে নেয়। পরে তারা বাড়ির তিনটি ঘরে আগুন লাগিয়ে দেয় এবং আরও তিনটি ঘর ভাঙচুর করে। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এলে হামলাকারী ব্যক্তিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পালানোর সময় গ্রামবাসী ধাওয়া করে রানীশংকৈল উপজেলার রাউৎনগর গ্রামের আজহার আলীর ছেলে মো. রানা (২৪), আবদুল তোয়াবের ছেলে রুহুল (১৯), আবদুল কবিরের ছেলে মাসুদ রানা (২০) ও আবদুল রাজ্জাকের ছেলে জিয়ারুলকে আটক করে থানায় সোপর্দ করে। হামলায় আহতদের রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পলাতক থাকায় এ বিষয়ে আবদুল্লাহর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর ভাই নাজমুল হক বলেন, ‘আমাদের জমি দখল করে মুসা বসবাস করছে। জমি ফেরত চাওয়ায় নিজেরাই পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে। এ হামলার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। রানীশংকৈল থানার উপপরিদর্শক রুহুল আমিন জানান, এ ঘটনায় মুসা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। আটক ব্যক্তিরা আবদুল্লাহর হয়ে ডাকাত বেশে হামলা করে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে বলে তাঁদের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে।