রানীশংকৈলে ভাঙা সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার রামপুর নালার ওপরের চায়না বেইলি সেতুর প্লেট (পাত) অধিকাংশ স্থানেই ভেঙে গেছে। ভাঙা অংশে একের পর এক পট্টি বা তালি লাগিয়ে যান চলাচল সচল রাখার ব্যবস্থা করছে কর্তৃপক্ষ। সম্প্রতি পট্টি দেওয়া কয়েকটি পাটাতন ভেঙে দেবে গেছে। এরপরও সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।
সড়ক ও জনপথ (সওজ) ঠাকুরগাঁও কার্যালয় সূত্রে জানা গেছে, যানবাহন চলাচলের জন্য ১৯৮৯ সালে রানীশংকৈল-হরিপুর সড়কের রামপুর নালার ওপর ওই চায়না বেইলি সেতুটি নির্মাণ করা হয়।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, রামপুর নালার ওপর নির্মিত ওই বেইলি সেতু দিয়েই হরিপুর সদর ছাড়াও যাদুরানীহাটে চলাচল করে যাত্রীবাহী বাস, মালবোঝাই ট্রাকসহ সব ধরনের ভারী যানবাহন। সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় পাঁচ টনের বেশি যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু ওই নিষেধাজ্ঞা অমান্য করে এ সেতু দিয়ে ২৫ থেকে ৩০ টন মালবোঝাই ট্রাক পারাপার হচ্ছে। এতে সেতুর স্টিলের পাতগুলো ভেঙে যাচ্ছে। কয়েক দিন আগে মালবাহী ১০ চাকার একটি ট্রাক পার হওয়ার সময় একটি বড় পাটাতন ভেঙে দেবে যায়। এরপরও সেতুর ওপর দিয়ে ভারী যানবাহন চলছে। মাঝেমধ্যে পাটাতনের লোহা ভেঙে গেলে সেখানে একটি পট্টি লাগিয়ে ভাঙা অংশ জোড়া লাগিয়ে দেওয়া হয়।
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, সেতুটির ওপর ভারী যানবাহন উঠলে সেটি কাঁপতে থাকে।
রামপুর গ্রামের বাসিন্দা জয়নাল আলী বলেন, হরিপুরের যাদুরানীহাটটি গরু-ছাগল, ধানসহ ব্যবসার জন্য প্রসিদ্ধ। এখানে দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা আসেন। হাটের মালামাল পরিবহনের জন্য রামপুরের এই বেইলি সেতুটি ব্যবহার করে ক্রেতা-বিক্রেতা দুই পক্ষই। এসব মালামাল বহনকারী ভারী যানসহ বাস বা ট্রাকের চলাচলে প্রায়ই সেতুটির পাটাতন ভেঙে যায়। সওজ কর্তৃপক্ষ তখন সেই ভাঙা অংশে দায়সারা একটি পট্টি লাগিয়ে কোনোমতে চলাচলের ব্যবস্থা করে। এভাবে সেতুর গায়ে পট্টির সংখ্যা বেড়ে দেড় শতাধিক হয়ে গেছে। গত রোববার দুপুরে মোটরসাইকেল নিয়ে সেতু পার হচ্ছিলেন কামারপুকুর গ্রামের ইউসুফ আলী। সে সময় তিনি বলেন, এ রাস্তা দিয়ে তাঁকে প্রায় প্রতিদিন হরিপুরে যাতায়াত করতে হয়। সেতুটি ভেঙে পড়লে তাঁদের কাঠালডাঙ্গী ঘুরে হরিপুর যেতে হবে। সেতু এলাকার আরেক বাসিন্দা ব্যবসায়ী রসুল উদ্দিন (৫০) বলেন, ‘আমরা দিনরাত দেখি ওই সেতু দিয়ে কী পরিমাণ যানবাহন চলাচল করে। আমরা সব সময় আতঙ্কে থাকি, কখন দুর্ঘটনা ঘটে।’
রানীশংকৈল উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনূল হক বলেন, জরুরি ভিত্তিতে রামপুর নালার ওপরের বেইলি সেতুর পাত সংস্কার করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বড় কোনো দুর্ঘটনা এড়াতে সেতুটি সংস্কার নয়, পুনর্নির্মাণ জরুরি। ঠাকুরগাঁও সওজ বিভাগের উপবিভাগীর প্রকৌশলী জয় প্রকাশ চৌধুরী বলেন, ‘আমি সম্প্রতি ঠাকুরগাঁও কার্যালয়ে যোগদান করেছি। বেইলি সেতুটির পাটাতন ভেঙে যাওয়ার কথা শুনেছি। সেটা সংস্কারে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। ওই বেইলি সেতুটির জায়গায় একটি পাকা সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে।’
সংরক্ষিত নারী আসনের সাংসদ সেলিনা জাহান বলেন, ‘বেইলি সেতুর জায়গায় নতুন সেতু নির্মাণের জন্য সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আশা করছি দ্রুত সেটা বাস্তবায়ন করা হবে।’