রান্না আর বাসন মাজাই তকদির!

তুলি, সুমনা শিরিন, নাসরিন নাম ভিন্ন হলেও ওদের সবার মধ্যে একটা মিল আছে। ওদের কারও বাবা মারা গেছেন, আবার কারও বাবা-মা দুজনই নেই। ওরা সবাই ঠাকুরগাঁওয়ের সরকারি শিশু পরিবারের বাসিন্দা। অনাথ ও দুস্থ হওয়ায় সরকারি শিশু পরিবারে ঠাঁই হয়েছে ওদের। মেজে আর ফাইফরমাশ খেটে দিন কাটে ওদের। সংশ্লিষ্ট কর্মকর্তারাও মনে করেন, মেয়ে হওয়ায় রান্না বা বাসনকোসন মাজার মতো কাজ শেখা ওদের ভবিষ্যতের জন্যও ভালো।
ঠাকুরগাঁও শহরের শান্তিনগরের সরকারি শিশু পরিবারে (বালিকা) গত বুধবার দুপুরে গিয়ে দেখা গেছে, আশ্রিত শিশুরা নানা কাজে ব্যস্ত। কেউ আগুনের পাশে রান্নার জোগান দিচ্ছে, কেউ বাসন মাজছে, কেউ মাছ-তরকারি কাটাকুটি, কেউ ঝাড়ু দিচ্ছে আর কেউবা দূর থেকে মাটি কেটে এনে রান্নাঘরের সামনের অংশ ভরাটের কাজ করছে। শিশু পরিবারে বাবুর্চি হিসেবে নিয়োগ পাওয়া হাফিজা বেগম ব্যস্ত শিশুদের নানা নির্দেশ দিতে।
রান্নাঘরের সামনে কলপাড়ে বসে বঁটি দিয়ে মাছ কাটছিল দশম শ্রেণির শিক্ষার্থী শিরিন আকতার। তাকে সাহায্য করছে তৃতীয় শ্রেণির তুলি আকতার। সে সময় শিরিন জানায়, রান্নাবান্নার জন্য তাকে মরিচ, পেঁয়াজ, আলু, তরকারি কাটাসহ নানা কাজই করতে হয়। তার মতো অনেকেই শিশু পরিবারের নানা কাজে জড়িত।
রান্নাঘরের বারান্দায় বসে আলু কাটছিল প্রথম শ্রেণির সুমনা আকতার ও চতুর্থ শ্রেণির নাসরিন আকতার। আরও কয়েকটি নিবাসী শিশু পাশের খাল থেকে মাটি কেটে এনে ফেলছে রান্নাঘরের সামনে। সে সময় নাম প্রকাশে অনিচ্ছুক এক শিশু জানায়, সারা দিন পালা করে সব শিশুকেই রান্নার কাজসহ সংস্থাটির নানা কাজ করতে হয়। কোনো সমস্যায় পড়লে নিজেদেরই তা সমাধান করতে হয়।
এ পরিবারের একটি শিশু জানায়, পালা করে চার-পাঁচজন শিশু তিন বেলা রান্নার কাজ করে। প্রতি বেলায় খায় ১০০ শিশু। তাদের সবচেয়ে সমস্যা হয় সকালের নাশতা বানাতে। নাশতা তৈরির কাজ করতে খুব ভোরে ঘুম থেকে উঠতে হয়।
শিশু পরিবারের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, সমাজসেবা কার্যালয়ের ২০০২ সালের সরকারি শিশু পরিবার ব্যবস্থাপনা নীতিমালায় জনবলকাঠামোতে কোনো শিশু পরিবারে বাবুর্চির পদ রাখা হয়নি। ফলে নীতিমালার ধারা অনুযায়ী পরিবারে শিশুদেরই পালা করে রান্নার কাজ, ঘর পরিষ্কার, খাবার পরিবেশন ইত্যাদি করতে হতো। পরে ২০১২ সালের ডিসেম্বরে দেশের শিশু পরিবারগুলোর জন্য বাবুর্চির পদ সৃষ্টি করা হয়। প্রতিটি প্রতিষ্ঠানে দুজন করে বাবুর্চি নিয়োগ দেওয়া হয়। তখন ঠাকুরগাঁও শিশু পরিবারেও দুজন বাবুর্চি নিয়োগ দেওয়া হয়।
সমাজসেবা ঠাকুরগাঁও কার্যালয়ের উপপরিচালক এস এম রফিকুল ইসলাম বলেন, ‘পরিবারের শিশুদের ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য নানা রকম নৈতিক শিক্ষা দেওয়া হয়। মেয়েশিশুরা রান্নার কাজ করলে কোনো ক্ষতি তো দেখছি না। ভবিষ্যতে মেয়েদের সংসার করে খেতে হবে। আর সংসার করে খেতে হলে তো ওদের রান্নার কাজটা শিখতেই হবে।’
সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও এই শিশু পরিবারের ভারপ্রাপ্ত উপতত্ত্বাবধায়ক সাইয়েদা সুলতানা বলেন, নৈতিক শিক্ষার অংশ হিসেবে শিশুদের মাঠ ঝাড় দেওয়া, বাগান পরিচর্যার জ করতে হয়। বিদ্যালয় ছুটির কারণে অনেক সময় ওরা রান্নায় সহযোগিতা করে। তিনি আরও বলেন, বর্তমানে পরিবারটি জনবলসংকটে ভুগছে। উপতত্ত্বাবধায়ক ও সহকারী উপতত্ত্বাবধায়কের দুটি পদই শূন্য। মেট্রন প্রেষণে। নিম্নমান সহকারী ও অফিস সহায়কের দুটি পদে লোক নেই। দুজন বাবুর্চির মধ্যে একজনকে প্রেষণে পাঠানো হয়েছে অন্য পরিবারে।