রান্না করে ব্যবসায়ী হওয়ার সুযোগ দিচ্ছে রাঁধুনী

শুধু সুস্বাদু রান্না করে তা পরিবেশনে দক্ষ হলেই সেরা রাঁধুনি হওয়া যাবে না। সেরা রাঁধুনি হতে হলে বুদ্ধিদীপ্ত উপস্থাপনের মাধ্যমে তাঁর রেসিপি বিপণনেও পারদর্শী হতে হবে, যাতে ভবিষ্যতে তিনি খাবার বা রান্নাকে ব্যবসা হিসেবে বেছে নিতে পারেন।
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড রাঁধুনীর নিয়মিত উদ্যোগ ‘সেরা রাঁধুনী ১৪২২’-এর চতুর্থ আসর শুরু হতে যাচ্ছে। গতকাল মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁয় সেরা রাঁধুনীর চতুর্থ আসরের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী বলেন, ‘এবারের প্রতিযোগিতায় নির্বাচিত সেরা রাঁধুনি বা দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী যদি চান তিনি ভবিষ্যতে খাবারের ব্যবসার সঙ্গে নিজেকে যুক্ত করবেন, তবে তাঁকে ব্যবসার বিভিন্ন তথ্য দেওয়া থেকে শুরু করে সার্বিকভাবে সহায়তা করা হবে। তবে আমরা এখনো জানি না, বিজয়ীরা উদ্যোক্তা হতে চাইবেন কি না।’ তিনি বলেন, ‘রাঁধুনি মানে নারী নন, ১৮ বছরের বেশি বয়সী নারী বা পুরুষ যে কেউ সেরা রাঁধুনী প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।’
এবারের প্রতিযোগিতার নিয়মকানুন প্রসঙ্গে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্যবস্থাপক (বিপণন) ইমতিয়াজ ফিরোজ বলেন, প্রতিযোগিতার নিবন্ধন শুরু হয়েছে গতকাল। চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত। পুরো বাংলাদেশকে ১৫টি অঞ্চলে ভাগ করা হবে। দেশের সেরা কুকিং অ্যান্ড মার্কেটিং বিশেষজ্ঞদের প্যানেল বিভিন্ন ধাপে প্রতিযোগীদের যাচাই করবেন। প্রাথমিকভাবে নির্বাচিত ৩০ জন রন্ধনশিল্পী নিয়ে গ্রুমিং রাউন্ড শুরু হবে। তিনি জানান, সেরা রাঁধুনীর পুরস্কার ১৫ লাখ টাকা। প্রথম ও দ্বিতীয় রানারআপ পাবেন যথাক্রমে ১০ ও ৫ লাখ টাকা।