রান্নাঘরে প্যাথলজি বিভাগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসকের বসার জায়গার পেছনেই গ্যাসের চুলা। চুলায় রান্না করা হচ্ছে মাছ। পাশে ছড়িয়ে আছে ঝিঙা, পাতিলে ভাত। এর পাশেই প্যাথলজি পরীক্ষার যন্ত্র বসানো। ওই যন্ত্রেই প্যাথলজি পরীক্ষার কাজ করা হয়। এ দৃশ্য কুমিল্লা শহরের দক্ষিণ চর্থা এলাকার আল রাজি মেডিকেল সার্ভিসেস নামে একটি প্রাইভেট ক্লিনিকের। গতকাল মঙ্গলবার দুপুরে কুমিল্লার ভ্রাম্যমাণ আদালত অভিযানে গিয়ে ওই অবস্থা দেখতে পান। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম (এনডিসি) মো. মশিউর রহমান তাৎক্ষণিকভাবে পাঁচ হাজার টাকা জরিমানা করে ক্লিনিকটি সিলগালা করে দেন। একই অবস্থা কুমিল্লা শহরের চকবাজার এলাকার নিবেদিতা ক্লিনিকেরও। সেখানে গিয়ে দেখা যায়, কোনো চিকিৎসক উপস্থিত নেই। নোংরা পরিবেশ। তাৎক্ষণিকভাবে ওই ক্লিনিকটিকেও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় কুমিল্লার সিভিল সার্জন মো. আবদুল মতিন পাটোয়ারী এবং র‌্যাব-১১ কুমিল্লার এএসপি হুমায়ূন কবীর উপস্থিত ছিলেন। নির্বাহী হাকিম মো. মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘নিবন্ধনবিহীন এসব ক্লিনিক প্রতারণার মাধ্যমে রোগীদের জিম্মি করছে। রান্নাঘরে প্যাথলজির যন্ত্র বসিয়ে পরীক্ষা করা হচ্ছে। এ ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।’