সমাজসেবা কার্যালয় পরিচালিত ১০০ শয্যার মেহেরপুর সরকারি শিশু পরিবারে (এতিমখানা) লোকবলের সংকটে অনাথ শিশুদের লালন-পালন ও শিক্ষার কাজে মারাত্মক বিঘ্ন ঘটছে। এখানে ১৮ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে মাত্র দুজন কর্মরত থাকায় শিশু পরিবারের ১০০ শিশু অযত্ন ও অবহেলায় দিন কাটাচ্ছে।
তৃতীয় শ্রেণীর ছাত্র শামীম জানায়, রান্নাবান্নার জন্য তাকে মরিচ, পেঁয়াজ, আলু, তরকারি কাটাসহ বিভিন্ন কাজ করতে হয়। তাই সে পড়তে যেতে পারে না। এ ছাড়া ঠিকমতো পড়ানোও হচ্ছে না। তার মতো অনেকেই বিভিন্ন কাজ করছে। কেউ পড়তে যায় না।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) আবু বকর সিদ্দিক জানান, এত দিন শিশু পরিবারে বাবুর্চিও ছিল না। তাই শিশুদেরই রান্না করে খেতে হতো। এখন তিনি খণ্ডকালীন লোক দিয়ে শিশু পরিবারের রান্নাবান্নার কাজ চালাচ্ছেন। তিনি আরও জানান, জেলার বিভিন্ন সমাজসেবা কার্যালয় ও শিশু পরিবারে লোকবলের সংকট রয়েছে। জোড়াতালি দিয়েই চলছে পুরো সমাজসেবা।
শিশু পরিবারের তিনতলা ভবনে দেখা গেছে, শিশুরা নানা কাজ করছে। কেউ কেউ আগুনের পাশে রান্নার কাজ করছে। কেউ তরকারি কাটাকুটি, কেউ মলমূত্র পরিষ্কার, কক্ষ পরিচ্ছন্নতা, ঝাড়ু দেওয়া, বাগান পরিচর্যা, আসবাব পরিষ্কার, কাপড় ধোয়া, পানি আনার কাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিশু জানায়, সারা দিন পালাক্রমে সব শিশুই ভারী কাজসহ হাড়ভাঙা পরিশ্রম করে। শিক্ষক ও বড় ভাইয়া নেই, তাই কেউ পড়াশোনার খোঁজখবর নেন না। আবার কোনো সমস্যায় পড়লে তা নিজেদেরই সমাধান করতে হয়।
জানা গেছে, শিশুদের দেখভাল, উন্নত খাবার, চিকিৎসা, পোশাক, শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ, খেলাধুলা, কম্পিউটার শিক্ষা, কক্ষ, আসবাবপত্র পরিষ্কারসহ স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চি, সুইপার, এমএলএসএসসহ এই এতিমখানায় ১৮টি পদ আছে। অথচ এখানে বর্তমানে একজন মেট্রন কাম নার্স ও একজন কারিগরি প্রশিক্ষক আছেন। তিন-চার বছর ধরে এই শিশু পরিবারের প্রধান উপতত্ত্বাবধায়ক, সহকারী তত্ত্বাবধায়ক, অফিস সহকারী, কম্পিউটার অপারেটর, শিক্ষক, বড় ভাইয়া, বাবুর্চি, সুইপার, কারিগরি প্রশিক্ষক, এলএলএসএসসহ ১৬টি পদ শূন্য রয়েছে। অথচ এসব শিশুর জন্য এ বছরও ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
মেট্রন কাম নার্স রুহুল আমিন জানান, লোকবল না থাকায় বাধ্য হয়েই শিশুদের দিয়ে কাজ করাতে হয়।