রান্নার ব্যয়সাশ্রয়ী জ্বালানি জৈব গ্যাস
রান্নার কাজে বিকল্প জ্বালানি হিসেবে আশার আলো দেখাচ্ছে জৈব গ্যাস প্ল্যান্ট। রান্নায় এলপি গ্যাস ও জ্বালানি খড়ির চেয়ে জৈব গ্যাসে খরচ কম হওয়ায় এটি জনপ্রিয়তা লাভ করছে।
যুব উন্নয়ন অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের উপপরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, মুরগির খামারের বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিকল্প জ্বালানি হিসেবে গ্যাস ও বিদ্যুৎ উৎপাদন করতে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ২০০৭ সালে দেশের ১০টি উপজেলায় ইমপ্যাক্ট প্রকল্পের প্রথম ধাপের কার্যক্রম শুরু হয়। প্রকল্পের আওতায় ঠাকুরগাঁও সদর উপজেলায় ৩১৩টি জৈব গ্যাস প্ল্যান্ট স্থাপন করা হলেও প্রকল্প থেকে আর্থিক সহায়তা দেওয়া হয় ২৭৬ জন উপকারভোগীকে। এখন ২৫০টি প্ল্যান্ট সচল রয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসে প্রকল্পটির দ্বিতীয় ধাপের কার্যক্রম শুরু হয়। দ্বিতীয় ধাপে ৬১টি জেলার ৬২টি উপজেলায় ৩১ হাজার জৈব গ্যাস প্ল্যান্ট স্থাপনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। প্রকল্পটি ২০১৮ সালের জুন পর্যন্ত চলবে।
ইমপ্যাক্ট প্রকল্প ঠাকুরগাঁওয়ের জৈব গ্যাস প্ল্যান্ট উপসহকারী প্রকৌশলী ময়নুল ইসলাম সরকার জানান, ৩ ঘনমিটার (১০৫ ঘনফুট) গ্যাস উৎপাদন সক্ষম একটি স্থির গম্বুজ আকৃতির প্ল্যান্ট স্থাপনে খরচ ২০ থেকে ২৫ হাজার টাকা। প্ল্যান্টের সঙ্গে জৈব সার সংরক্ষণের জন্য পাকা বর্গাকার গর্ত তৈরি করলে আরও তিন-চার হাজার টাকা খরচ হয়। একটি প্ল্যান্টে দৈনিক ৬০ থেকে ৭০ কেজি গোবর প্রয়োজন হয়। যা পাঁচ-ছয়টি বড় গরু বা তিন-চারটি মহিষ থেকে পাওয়া যায়। এ ছাড়া ৩৫ থেকে ৪০ কেজি হাঁস-মুরগির বিষ্ঠা দিয়েও এ প্ল্যান্টটি সচল রাখা সম্ভব। তিন ঘনমিটার প্ল্যান্ট থেকে যে জৈব গ্যাস উৎপন্ন হবে তা দিয়ে ছয়-সাতজনের খাবার রান্না সম্ভব।
ময়নুল ইসলাম আরও জানান, ইমপ্যাক্ট প্রকল্প থেকে প্ল্যান্টের বিপরীতে উপকারভোগীকে প্রশিক্ষণ দেওয়ার পর প্রকল্প বাস্তবায়নে ঋণ দেওয়া হয়। প্ল্যান্ট স্থাপনে অন্যদের উদ্বুদ্ধ করতে প্রতি উপকারভোগীকে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তাও দিয়ে থাকে প্রকল্প।
সদর উপজেলার মাটিগাড়া গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী সাহানারা খাতুন ২০০৮ সালে প্রকল্প থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে একটি বিদেশি গাভি কেনার পর জৈব গ্যাস প্ল্যান্ট স্থাপন করেন। তিনি জানান, ‘প্ল্যান্ট স্থাপনের আগে রান্নার জ্বালানির পেছনে প্রতি মাসে দেড় থেকে দুই হাজার টাকা খরচ হতো। প্ল্যান্ট স্থাপনের পর এখন যে জৈব গ্যাস পাচ্ছি তা ছয়-সাতজনের রান্নার জ্বালানির হিসেবে ব্যবহার করছি। এ ছাড়া জৈব গ্যাসে ব্যবহার করা গোবর জৈব সার হিসেবে নিজের জমিতে ব্যবহার করছি। অতিরিক্ত জৈব সার গ্রামের কৃষকদের কাছে প্রতি ভার (২০ কেজি) ৩৫ টাকায় বিক্রি করছি।’
জগন্নাথপুর গ্রামের মুক্তা বেগম ২০০৮ সালে একটি জৈব গ্যাস প্ল্যান্ট স্থাপন করেন।
একই গ্রামের আমিরা বেগম বলেন, ‘রান্নায় জৈব গ্যাস ব্যবহার করলে কোনো কালো ধোঁয়া হয় না এবং হাঁড়ি-পাতিলে কালির দাগও পড়ে না।’
ঠাকুরগাঁও বক্ষব্যাধি ক্লিনিকের চিকিৎসক আবু মো. খয়রুল কবীর বলেন, ‘রান্নাঘরের ধোঁয়া নারী ও শিশুদের চোখে জ্বালা, শ্বাসকষ্টসহ শ্বাসনালি ও ফুসফুসের নানা রোগের সৃষ্টি করতে পারে। সে বিবেচনায় রান্নাবান্নায় জৈব গ্যাস ব্যবহার একেবারেই নিরাপদ।’
যুব উন্নয়ন অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয়ের উপপরিচালক মো. মোতাহার হোসেন বলেন, কয়েক বছর আগেও উপজেলার প্রত্যন্ত এলাকার মানুষ গ্যাস দিয়ে রান্নার কথা ভাবতে পারতেন না। তাঁরা এখন রান্নার কাজে জৈব গ্যাস ব্যবহার করছেন। জৈব গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদনেরও উদ্যোগ নেওয়া হচ্ছে।