রান্নায় দেরি, তাই ছ্যাঁকা!
পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের ধূলাউড়ি কুঠিপাড়া গ্রামে রান্নায় দেরি হওয়ায় আঁখি খাতুন (১৯) নামের এক গৃহবধূর শরীরে গরম কড়াইয়ের ছ্যাঁকা দিয়েছেন তাঁর স্বামী। পরে গত মঙ্গলবার ওই গৃহবধূকে ঘরে আটকে রাখা হয়। গত বুধবার বিকেলে পালিয়ে ওই গৃহবধূ গতকাল বৃহস্পতিবার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
আঁখির নানা সবান আলী ও গ্রামের লোকজন বলেন, দুই বছর আগে একই ইউনিয়নের সোন্দভা গ্রামের আলম হোসেনের মেয়ে আঁখি ভালোবেসে পাশের গ্রামের লুৎফর রহমানের ছেলে হযরত আলীকে (৩০) বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী তাঁকে নির্যাতন শুরু করেন।
চিকিৎসাধীন আঁখি বলেন, গত মঙ্গলবার সকালে রান্না চলাকালে স্বামী খাবার দিতে বলে। তখনো রান্না শেষ না হওয়ায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে চুলার ওপর থাকা গরম কড়াই তুলে বাম হাতে চেপে ধরেন। পরে টেনেহিঁচড়ে শোবার ঘরে আটকে রাখেন। পরদিন বিকেলে আঁখি পালিয়ে নানাবাড়ি এসে হাসপাতালে ভর্তি হন।
আঁখি বলেন, ‘দুই বছর ধরে অত্যাচার সহ্য করছি। আমি এহন নিঃস্ব। এই অত্যাচারের বিচার চাই।’
স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও সজিবুর রহমান বলেন, ‘মেয়েটির বাম হাতের বেশ খানিকটা অংশ পুড়ে ক্ষত তৈরি হয়েছে।’
চাটমোহর থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, ‘মৌখিকভাবে অভিযোগ পেয়েছি। মেয়েটিকে লিখিত দিতে পরামর্শ দেওয়া হয়েছে।’