রাবার কারখানার বর্জ্যে নদীর পানি দূষিত
খাগড়াছড়ির রাবার কারখানা থেকে চেঙ্গী নদীতে রাসায়নিক দ্রব্যমিশ্রিত বর্জ্য পড়ে নদীর পানি দূষিত হচ্ছে। এতে কৃষকেরা চাষাবাদে সমস্যায় পড়ছেন। কারখানা কর্তৃপক্ষের দাবি, যে পরিমাণ বর্জ্য নদীতে পড়ছে, তাতে পানি দূষিত হওয়ার সম্ভাবনা খুবই কম।কারখানা সূত্রে জানা যায়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীন বিভিন্ন প্লান্টেশনের রাবারবাগান থেকে রাবারের কষ সংগ্রহ করে খাগড়াছড়ি সদরের স্বনির্ভর এলাকায় অবস্থিত কারখানায় আনা হয়। এ রাবারের কসে ফরমিক এসিড ও পানি যোগ করে একটি প্রক্রিয়ার মাধ্যমে রাবার তৈরি করা হয়। এক হিসাবে দেখা যায়, এই কারখানা থেকে প্রতিদিন গড়ে ১২ টন ফরমিক এসিড-মিশ্রিত পানি বর্জ্য হিসেবে চেঙ্গী নদীতে ফেলা হয়।কারখানার ভারপ্রাপ্ত উপপরিদর্শক সরেন্দ্র লাল ত্রিপুরা জানান, কারখানায় প্রতিদিন গড়ে ২০টি ট্যাঙ্কিতে রাবারের কষ প্রক্রিয়াজাত করা হয়। প্রতি ট্যাঙ্কিতে ২৫০ সিসি বা ২৫০ মিলি লিটার (মিলি) ফরমিক এসিড ব্যবহার করা হয়। ফরমিক এসিড রাবারের কষ জমতে সাহায্য করে। এই হিসাব অনুযায়ী, প্রতিদিন কারখানাতে ৫০০০ মিলি বা পাঁচ লিটার ফরমিক এসিড ব্যবহার করা হয়। এই এসিড পানির সঙ্গে মিশে বর্জ্য হিসেবে চেঙ্গী নদীর পানিতে বিলীন হয়ে যায়। তিনি আরও জানান, যে পরিমাণ বর্জ্য নদীতে পড়ছে, সে তুলনায় নদীর পানি অনেক বেশি। তাই নদীতে এই বর্জ্য সহজে মিশে যায় এবং দূষণের মাত্রাও খুবই কম।খাগড়াছড়ি রাবার কারখানার পার্শ্ববর্তী বাসিন্দা একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক চন্দন দেওয়ান জানান, কারখানার বর্জ্য চেঙ্গী নদীর পানি দূষিত করছে। যখন বর্জ্য নদীতে পড়ে নদীর সেই পাড় বরাবর প্রায় আধা কিলোমিটার পর্যন্ত পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। পানি থেকে রাবারের গন্ধ বের হয়। তিনি আরও জানান, প্রতিবছর কারখানা থেকে ৭০-৮০ গজ দূরে (ভাটিতে) নদী থেকে শীতের মৌসুমে চাষের জন্য সেচের পানি তোলা হয়। কৃষকেরা অনেক অসুবিধার মধ্যে সেচের পানি তোলেন। যখন কারখানার বর্জ্য পড়া বন্ধ থাকে, সে সময় পানি তোলা হয়। কারখানা চালু থাকলে বর্জ্য নদীর পানিতে পড়লে তখন সেচ বন্ধ রাখতে হয়।